Thursday, January 19, 2012

বি এস এফ ভারতের জাতীয় কলঙ্ক


বছর খানেক আগে ১৬ বছরে এক কিশোরীকে মরা পাখীর মতন কাঁটাতারের বেড়াতে ঝুলিয়ে দেওয়ার রেশ শেষ না হতেই বি এস এফের, আরেক ভিডিও ভারতের জাতীয় লজ্জার কারন হয়ে দাঁড়াচ্ছে।

এই ভিডিওতে যেখা যাচ্ছে , বি এস এফের ১০ জওয়ান , বাংলাদেশের এক গরু চোরাচালানকারী হাবু শেখকে উলঙ্গ করে পেটাচ্ছেঃ


সীমান্তে গরুর চোরাচালান একটি বিশেষ সমস্যা। এবং এর পেছনে যদি কেও দায়ী থাকে- সেটা হচ্ছে বি এস এফ নিজে। এরাই এই সব গরু চোরাচালানকারীদের কাছ থেকে টাকা নেয় এবং গরুর চোরাচালানের সব থেকে বড় পার্টনার। বাংলাদেশের এই হাবু শেখ বা হতভাগ্য গরীব লোকগুলি হচ্ছে "ক্যারিয়ার"- যারা পেট চালাতে এপার কার মাল ওপারে করে থাকে। এই চোরাচালানের আসল কেষ্ট বিষ্টু হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকার কিছু মহাজনি ব্যক্তি-যারা এই ব্যবসাতে টাকা খাটায় এবং হাবু শেখের মতন হত দরিদ্রদের ক্যারিয়ার হিসাবে নিয়োগ করে-বি এস এফ এবং বিডিয়ার কে ম্যানেজ করে।

আমি সেই প্রসঙ্গে আসছি না। প্রশ্ন হচ্ছে একটি পেশাদারি বাহিনী যদিও কোন চোরাচালান ধরেও ফেলে, পৃথিবীর কোন আইনেই তাকে এই ভাবে নৃশংস ভাবে পেটাতে পারে না। সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে আইন আছে এবং আইন মোতাবেক তাকে পুলিশের কাছ হস্তান্তর করে কোর্ট তোলা উচিত ছিল। এই ভাবে একজন গরীব লোককে পেটানোর মধ্যে আদিম আদিবাসী "মব" মানসিকতা কাজ করে। এই সব নৃশংসতা, শুধু ডকুফ্লিমের মাধ্যমে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এবং জার্মান সেনাবাহিনীর মধ্যে দেখতে অভ্যস্ত আমি। ভাবতে পারছি না-কিভাবে একটা পেশাদার সেনাবাহিনী এই ধরনের কাজ করতে পারে।

বি এস এফের মানবিকতা বিরোধি কার্যকলাপের লিস্টটা দীর্ঘ। গত দশ বছরে প্রায় ৭০০ জন বাংলাদেশী এবং ২০০ ভারতীয় বি এস এফের অত্যাচার ও গুলির শিকার হয়েছে।

কিন্ত দুর্ভাগ্যজনক ভাবে দিল্লী বি এস এফকে শোধরানোর চেষ্টা করছে না। বছর খানেক আগে কানাডা কোন এক বি এস এফ অফিসারের ভিসা বাতিল করেছিল এই গ্রাউন্ডে যে এটি একটি কুখ্যাত প্যারামিলিটারী ফোর্স যারা অপেশাদার এবং মানবাধিকার মানে না। এই ঘটনায় দিল্লী কানাডাকে চাপ দিতে থাকে-পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণ বি এস এফের হয়ে সাফাই গাইতে থাকেন এবং কানাডা যেহেতু ভারতের মতন বৃহৎ শক্তির বিরুদ্ধে যাবে না, শেষমেশ কানাডা এই নিশেধাজ্ঞা তুলে নেয়। এই অবস্থায় এস এম কৃষ্ণা নিজের কর্তব্য করেছেন-কিন্ত তার সাথে সাথে বি এস এফের এত দুর্নাম কেন বাজারে সেটা নিয়ে কোন তদন্ত কমিশন বসাতে পারতেন। তাহলেই বুঝতেন এমন অপেশাদার সেনাবাহিনী আফ্রিকার যুদ্ধবাজ জমিদারদের ও নেই। এমনেস্টি ইন্টারন্যাশানালের কাছে এটি একটি "কালো সংগঠন"।

তবে বি এস এফের এই ঘটনাকে ভারতে বিচ্ছিন্ন কোন ঘটনা হিসাবে দেখতে রাজী নই। গত দুই সপ্তাহে পশ্চিম বঙ্গে ছাত্ররা আরাম করে নিজেদের কলেজের প্রিন্সিপালকে পিটিয়ে হাঁসপাতালে পাঠিয়েছে। আর হাবু শেখত কোন এক অন্যদেশের গরীব গরুচোর। আসলে জনসংখ্যার প্রচন্ড চাপে বিরাট অসহিষ্ণু হয়ে বড় হচ্ছে এক প্রজন্ম। তাদের যারা শিক্ষাদিক্ষা দিতে পারত-সেই সব শিক্ষক সমাজ এত অধপতিত যে ছাত্ররা পারলে শিক্ষকেই যখন খুশী পেটাতে পেছ পা হয় না। রাজনৈতিক দলগুলি আবার তাতে ইন্ধন যোগায়। বি এস ফের জওয়ানরা আসে ভারতের সেই সব নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি থেকে যেখানে এই ধরনের অসহিষ্ণু পরিবেশে তারা বড় হয়েছে। ফলে, হাতে ইনস্যাস রাইফেল পাওয়া মাত্রই তার অপব্যবহার করতে ছারে না। বর্ডার এলাকাতে ধর্ষন, দোকান লুটপাট কিছু এরা বাকী রাখে নি। আর এই ব্যপারে ভারতের আইন ও অসহায়। এদের জন্যে আলাদা মার্শাল আইন। ফলে অপরাধ করেও পার পেয়ে যায় বি এস এফ। এলাকার নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রকে অভিযোগ জানালে তবে "কোর্ট মার্শাল" হতে পারে!

প্রসঙ্গত বলা যেতে পারে বি এস এফের বিরুদ্ধে ভারতের মানবাধিকার কমিশন ও সোচ্চার। বি এস এফের এই পেটানোর ঘটনায় মমতা ব্যানার্জি ও ক্রুদ্ধ হয়ে বি এস এফের হাই কমান্ডের কাছ থেকে উত্তর চেয়েছেন। ফেসবুকের অনেক বাংলাদেশী দেখলাম, এই ঘটনায় ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি বাতিল-ইত্যাদির দাবী তুলেছেন। তারা ভুল করছেন। বি এস এফের বিরুদ্ধে ভারতের মানবাধিকার কমিশন থেকে আরো অনেকেই

সোচ্চার। অমানবিকতার দেশ হয় না-অত্যাচারীর ও দেশ হয় না। এইসব ঘটনায় ভারত এবং বাংলাদেশের মানবাধিকার কর্মীরা একসুরে বি এস এফকে না চাপ দিলে, ফয়দা লুটবে ভারত আর বাংলাদেশের ধর্মীয় জাতিয়তাবাদিরা। ভারতের জাতীয়তাবাদিরা এই ঘটনায় খুশী-কারন একটা মুসলমান গরুচোরকে পেটানো গেছে। বাংলাদেশের জাতীয়তাবাদিরাও খুশী-কারন ভারত বিরোধিতার সুযোগ এসেছে।

মানবতাবাদি হিসাবে আমি ভীষন অখুশী-কারন এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর ছায়া ফেলবে। এবং তার জন্যে দিল্লীর বিরাট দায় আছে। এই বি এস এফ বাহিনী জাতীয় কলঙ্ক এবং অপেশাদার মানতে বাধা কোথায়? এদের আরো ট্রেনিং দরকার, দরকার কাউন্সেলিং-দরকার এই ধরনের কাজের বিরুদ্ধে কোর্ট মার্শাল আরো বেশী করে বসানো।

নইলে বি এস এফ, ভারতের লজ্জার আরো অনেক বেশী কারন হবে।

Wednesday, January 11, 2012

স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ বিশ্লেষন


(১)

স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখার সমস্যা অনেক-যদিও তার রচনাবলী আমি খুব ছোটবেলা থেকে পড়ছি। তার প্রতিষ্ঠিত বিদ্যায়তনেই আমার শিক্ষা- তবুও বিবেকানন্দকে নিয়ে মৌলিক কিছু চিন্তা লিপিবদ্ধ করা বেশ কঠিন কাজ। মূল সমস্যা এই যে, বিদেশে যাকে ক্রিটিক্যাল দৃষ্টিভংগীতে প্রবন্ধ লেখা বলে, সেই ধরনের লেখা বিবেকানন্দের ওপর নেই। বিবেকানন্দের জীবনী ভাষ্যকাররা মহান বিবেকানন্দর সন্ধানেই লিখে গেছেন। অবস্থা এত খারাপ, একবার বিবেকানন্দর ওপর সব থেকে বড় স্যোশাল ফোরামে আমাকে তাড়ানো হয় এই অপরাধে যে আমি একটি নিরীহ তথ্য দিয়েছিলাম- শেষ জীবনে বিবেকানন্দ অনুতাপ করেছিলেন, কেন গৃহী না হয়ে সন্নাস্যী হয়েছেন-আরেকবার জন্মালে আর সন্ন্যাসী হবেন না, বে-থা করে গৃহীই হবেন।

তথ্যটি সত্য। শুধু তাই না, বিবেকানন্দ নিজের মায়ের দেখভাল করতেন, ভাইএর চাকরির জন্যে তদারকি করেছেন এবং পৈত্বৃক বসত বাড়ির শরিকি মামলার সাথেও ছিলেন। এর কোন কিছুই যদিও তাকে ছোট করে না, তবুও তার ভক্তবৃন্দ তাকে "সাইক্লোন সন্ন্যাসী" হিসাবেই দেখতে পছন্দ করেন বেশী।

সমস্যা আরো বেশী গভীরে। গান্ধী, নেহেরু, নেতাজি থেকে আপামর মহান ভারতীয় নেতারা যে "একটি" ব্যক্তিতে আপ্লুত ছিলেন তিনি বিবেকানন্দ। সাম্প্রতিক অতীতের প্রায় সবকটি জরিপে,তিনিই সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয়-গান্ধীর থেকেও স্বামীজি বেশী জনপ্রিয়।

তার বাণী ভারত সহ পৃথিবীর সর্বত্র ছড়িতে দিতে কেন্দ্রীয় সরকার প্রায় ১৫০ কোটি টাকা খরচ করবে এই বছরে। শুধু সেকালের টাটা রা না, একালেও ভারতের প্রায় সব সবশ্রেণীর নেতাদের ( কর্পরেট, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য ) প্রথম পছন্দের নাম স্বামীজি। ডান, বাম, হিন্দু, মুসলমান, খৃষ্ঠান প্রায় সব শ্রেনীর লোকের কাছেই তিনি প্রিয় ব্যক্তিত্ব। নহেরু, গান্ধীকে নিয়ে অনেক মতভেদ। ভারতীয় জাতিয়তাবাদিরা এদের পছন্দ করে না। বিবেকানন্দকে নিয়ে কোন সমস্যা নেই। প্রবীর ঘোষের মতন হাতে গোনা কয়েকজন যুক্তিবাদি বা নরসিংহমের মতন গবেষক ছারা, আর কেওই সেই অর্থে বিবেকানন্দের সমালোচনা করেন নি।

(২)
কিন্ত এখান থেকেই আমার প্রশ্ন শুরু। বিবেকানন্দ ভারতকে বা এই পৃথিবীকে কি দিয়ে গেছেন, যে আজকে সবাই তাকে সর্বকালের সেরা ভারতীয় বলে মেনে নিচ্ছে?

তিনি দর্শন শাস্ত্রে মৌলিক কোন অবদান রাখেন নি। প্রাচীন ভারতীয় দর্শনকে, আধুনিক মোরকে হাজির করেছেন। এটা ঠিক বিবেকানন্দ রচনাবলী না পড়লে ভারতীয় দর্শন গভীরে বোঝা সম্ভব না। ধর্ম জিনিসটা ঠিক কি-সেটাও বিবেকানন্দ পড়েই আমার শেখা। তিনি একজন আধুনিক ভাষ্যকার। এই পর্যন্ত।

বিবেকানন্দের রাজনৈতিক এবং সমাজ চিন্তা বালখিল্যতা বললে কম বলা হবে।

প্রথমে তার রাজনৈতিক চিন্তার বিশ্লেষনে আসব। ভারতের উন্নতির জন্যে বৃটিশ শাসনের হাত থেকে মুক্তি দরকার-সেই নিয়ে তার সংশয় ছিল না। বৃটিশ ভারতের রাজনৈতিক কাঠামোতে কিভাবে দরিদ্র ভারতীয়রা নিষ্পেষিত হচ্ছে, নিচূ জাতের লোকেরা শোষিত হচ্ছে, সেই নিয়ে তিনি সরব ছিলেন। সেই জন্যেই তিনি ভারতীয় বিপ্লবীদের মন্ত্রগুরু। কিন্ত মুক্ত ভারতের রাজনৈতিক ভিত্তি কেমন হবে-তার জন্যে জাপানকে আদর্শ মনে করতেন। জাপানের ন্যাশালিস্টিক ফ্যাসিজম তার ভাল লেগেছিল। অতীতকে স্মরণে রেখে, জাতিগর্বে উৎসাহিত হয়ে, বস্তুবাদি উন্নতি করতে হবে। জাপানের মতন "ডিসিপ্লিনড" জাতি চাইছিলেন তিনি।

" Only I want that numbers of our young men should pay a visit to Japan and China every year. Especially to the Japanese, India is still the dreamland of everything high and good. And you, what are you? … talking twaddle all your lives, vain talkers, what are you? Come, see these people, and then go and hide your faces in shame. A race of dotards, you lose your caste if you come out! Sitting down these hundreds of years with an ever-increasing load of crystallized superstition on your heads, for hundreds of years spending all your energy upon discussing the touchableness or untouchableness of this food or that, with all humanity crushed out of you by the continuous social tyranny of ages – what are you? And what are you doing now? … promenading the sea-shores with books in your hands – repeating undigested stray bits of European brainwork, and the whole soul bent upon getting a thirty rupee clerkship, or at best becoming a lawyer – the height of young India’s ambition – and every student with a whole brood of hungry children cackling at his heels and asking for bread! Is there not water enough in the sea to drown you, books, gowns, university diplomas, and all?"

অর্থাৎ তার মতবাদ এই রকম- অভুক্ত জাতিকে আগে খেতে দিতে হবে। ভারতের ধর্মীয় সংস্কার এবং অহংকার ছেরে, আগে জাতিকে খাওয়ানো পড়ানোর ব্যবস্থা করতে হবে। পেটে ভাত না থাকলে, বস্তুবাদি উন্নতি না হলে, সেই জাতির আত্মমর্যাদা থাকে না। সেই জন্যে জাপানের থেকে শেখ!

আপাত দৃষ্টিতে বিবেকানন্দের এই "মহান ভারত সত্ত্বার" শক্তিশালী লেখনীতে আমিও উদ্বেলিত হতাম। কিন্ত সমস্যা হচ্ছে এই, ইউরোপ, জাপানে ফ্যাসিজিমের উত্থানের পেছনেও ঠিক এই ধারনাই কাজ করেছে। রাজনৈতিক শক্তি দিয়ে জাতিকে গণউত্থানের এই চেষ্টা ফ্যাসিজমের ধাত্রীগৃহ এবং জাপানে উনি যেটা দেখেছেন সেটা একটা প্রাক-ফ্যাসিস্ট সমাজ। তার লেখাতে গণতান্ত্রিক ভারত অনুপস্থিত। বরং বিবেকানন্দের ভারতের সাথে "ফ্যাসিস্ট জাপানের" মিল পাওয়া যাচ্ছে। তার রাজনৈতিক ধারনাতে সবথেকে বেশী অনুপ্রাণিত ছিলেন নেতাজি। এবং নেতাজির মধ্যেও ফ্যাসিজমের ভূত এমন ভাবে চেপে বসেছিল, তিনি হিটলারের সহযোগী হতে রাজী হলেন। নেতাজি জার্মানীতে তিন বছর ছিলেন (১৯৪১-৪৩)-এবং এমন একটা সময়ে যখন জার্মানী গোটা ইউরোপকে ধর্ষন করছে। এর পরেও তিনি অবলীলা ক্রমে নাৎসিদের সাথে একসাথে থাকলেন তিন বছর কারন ফ্যাসিজমের প্রতি তার দুর্নিবার আকর্ষন ছিল। নেতাজীর রচনাবলি পড়লে পরিস্কার হয়, তিনি ছিলেন বিবেকানন্দের রাজনৈতিক মানস সন্তান। তবে আমার এই সিদ্ধান্তও হবে অকালপক্ক-সেই প্রসঙ্গে পরে আসছি।

এবার আসি আমেরিকান সমাজ প্রসঙ্গে। স্বামীজি দেখলেন, আমেরিকাতে ব্যবসায়ীরা সমাজ গড়ে-তারাই সব থেকে বেশী সন্মান পায়। আর ভারতে ব্যবসায়ী সমাজকে সঙ্গত কারনেই চোর ডাকাতের সাথে তুলনা করা হয়। সেই অবস্থা আজকে ১০০ বছরেও বদলায় নি। কারন আমেরিকাতে ধণতন্ত্র এসেছে কৃষকদের বণিক হিসাবে রূপান্তরের সাথে সাথে। আর ভারতের ধনতন্ত্রে বণিক শ্রেনী পরজীবি একটা কমিউনিটি যা বৃটিশরা তৈরী করে দিয়ে গিয়েছিল। আমেরিকান ধণতন্ত্রের সমস্ত ভালদিক গুলি তার চোখে পড়ল এবং তার উচ্ছাসিত প্রশংসা করেছেন তিনি। আমেরিকান লিবার্টিকে বা মানবমুক্তিকে উন্নতির প্রথম সোপান হিসাবে ঘোষণা করলেন।

ব্যাপারটা হল এই যখন যেটা ভাল লেগেছে, সেটাকেই তিনি মডেল করে দিতেন। জাপানের তিনি উচ্ছাসিত প্রসংশা করেছিলেন-কিন্ত জাপানিজরা সেই সময় মোটেও মুক্ত সমাজ ছিল না। আমেরিকাতে গিয়ে তিনি যা বলেছেন, সেটা মানতে গেলে, জাপানের সমাজের মতন নিকৃষ্ট সমাজ নেই-কারন তারা খুবই ফ্যাসিস্ট এবং টোটালাটারিয়ান রিপাবলিকে বিশ্বাস করত। আবার আমেরিকার মতন মানব মুক্তি দিতে গেলে, আমেরিকান ব্যক্তিস্বতন্ত্রবাদকেও মেনে নিতে হয় যা ভারতীয় দর্শনের সামাজিক কর্তব্যের সম্পূর্ন বিপরীত।

মোদ্দা কথা সামাজিক দর্শনের ব্যাপারে তার লেখাযোখা প্রায় শ্লোগান সর্বস্য। অভিজ্ঞতা নির্ভর। এম্পিরিসিজম থেকে স্ট্রাকচারালিজমে তিনি যান নি। গভীরে তিনি ঢোকেন নি- গভীরে ঢোকার মতন রাজনৈতিক, সামাজিক বা ঐতিহাসিক জ্ঞান তার ছিল বলে মনে হয় নি।

এই ধরনের পরস্পর বিরোধিতা বিবেকানন্দ চরিত্রের ছত্রে ছত্রে। তাতে অসুবিধা নেই। এর থেকে বোঝা যায় তিনি মুক্তমনের অধিকারি ছিলেন, তার মনে দ্বন্দ ছিল। এবং মনে দ্বন্দ থাকাই মনের উন্নতির প্রাথমিক শর্ত। নিজের অভিজ্ঞতার কাছে তিনি সৎ থেকেছেন। কিন্ত রাজনৈতিক বা সামাজিক দর্শনের চর্চা তিনি গভীরে গিয়ে করেন নি।

(৩)
এবার আরেকটি বিতর্কিত টপিকে আসি। নারীমুক্তি নিয়ে বিবেকানন্দের ভাবনা।

ইউরোপ এবং আমেরিকাতে তার শিষ্যর থেকে শিষ্যা বেশী ছিল। নারী মুক্তি এবং নারীর অধিকারের সাম্যতা নিয়ে তিনি দেদারসে শ্লোগান দিয়েছেন। এবং বেদান্তের চোখে নারী-পুরুষ সমান সেটা তার লেখাতে অনেকবার এসেছে। কিন্ত হিন্দু ধর্মে নারীর অবস্থান বা সব ধর্মে নারীর অবস্থান এত বাজে কেন-সেই নিয়ে কোন বিশ্লেষন তিনি করেন নি। করলে, ধর্মের সাথে ঐতিহাসিক সামাজিক শক্তির গুলির বিন্যাস তার চোখে পড়ত। বরং এই ব্যাপারে তার লেখালেখি অনেকটাই চটকদারি মন্তব্য-
The soul has neither sex, nor caste nor imperfection."

"The best thermometer to the progress of a nation is its treatment of its women."

" There is no chance for the welfare of the world unless the condition of women is improved."

"Woman has suffered for aeons, and that has given her infinite patience and infinite preserverance."

"The idea of perfect womanhood is perfect independence."


এরপরেই আবার লিখলেন, ভারতে "নারীর" আদর্শ হচ্ছে মা-ইউরোপে "স্ত্রী"।

আরো লিখলেন, ভারতে নারীকে দেবীজ্ঞানে গৃহে পুজো করা হয়। যদিও বাস্তব হচ্ছে, ভারতে সেই সময় এবং কিছু কিছু সমাজে এখনো নারীর অবস্থান গৃহের গাভীর থেকে কিছু কম। গৃহবধূ হত্যায় ভারত সবার ওপরে। পৃথিবীতে প্রায় ৫৪০ রকমের "বিবাহের" সন্ধান পাওয়া গেছে-এর মধ্যে মোটে চার রকমের বিবাহে বরকে পণ দেওয়া চালু আছে। ভারতীয় সমাজ তাদের অন্যতম। এবং ভারতে মেয়েদের এই বাজে আর্থসামাজিক অবস্থানের জন্যে হিন্দু ধর্মের দায় সব থেকে বেশী।

হিন্দু ধর্মে জাতিভেদের বিরুদ্ধে বিবেকানন্দ যদিও বা কখনো সখনো লিখেছেন ( আবার বিদেশে জাতিভেদকে সমর্থন ও করেছেন ) হিন্দু ধর্মে নারীর করুণ অবস্থানের বিরুদ্ধে তিনি এক লাইন ও লেখেন নি। হিন্দু সমাজে নারী দুরাবস্থা নিয়ে অবশ্যই লিখেছেন। কিন্ত তার উৎসস্থল যে হিন্দু ধর্মগ্রন্থগুলি সেটা স্বীকার করেন নি, বরং এটাই দেখানোর চেষ্টা করেছেন, আদি বৈদিক সমাজে নারীর স্থান ছিল উঁচুতে- ব্রাহ্মনদের চক্রান্তেই এই অবস্থানের অনুন্নতি

In what scriptures do you find statements that women are not competent for knowledge and devotion? In the period of degeneration, when the priests made the other castes incompetent for the study of the Vedas, they deprived the women also of all their righ ts. Otherwise you will find that in the Vedic or Upanishadic age Maitreyi, Gargi, and other ladies of revered memory have taken places of Rishis through their skill in discussing about Brahman. In an assembly of a thousand Brahmans who were all erudite in the Vedas, Gargi boldly challenged Yagnavalkya in a discussion about Brahman. Since such ideal women were entitled to spiritual knowledge, why shall not the women have same privilege now? What has happened once can certainly happen again. History repeats itself. All nations have attained greatness by paying proper respect to women. That country and that nation which edo not respect women have never become great, nor will ever be in future. The principal reason why your race h! ! ! ! as so much degenerated is that you have no respect for these living images of Shakti. Manu says, "Where women are respected, there the gods delight; and where they are not, there all works and efforts come to naught." There is no hope of rise for that fam ily or country where there is no estimation of women, where they live in sadness. (V7. p.214-15)

সমস্যা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন সমাজ আসে নি যা পুরুষবাদি ছিল না। অধিকাংশ নৃতত্ত্ববিদদের মতে অতীতের নারীবাদি সমাজের কল্পনা একধরনের মিথ [১]।

নারীবাদের উত্থান মূলত শিল্প বিপ্লবের সাথে এবং শিশুমৃত্যু হার কম হওয়ার সাথে সাথে। যার জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় থেকে নারীরা কাজে যাওয়া শুরু করে। সব ধর্মই নারীকে ঘরে ঢুকিয়েছে-কারন সমাজের রিপ্রোডাক্টিভ ফিটনেস বজায় রাখতে সেটাই দরকার ছিল। হিন্দু ধর্ম কোন কালেই তার ব্যতিক্রম ছিল না- বরং তা পুরুষবাদি সমাজের উজ্জ্বল উদাহরণ।

মোটামুটি বিবেকানন্দ জীবনীতে যেটুকু দেখছি- বিদেশী নারীর কাছে তিনি নারীবাদি, হিন্দুর কাছে তিনি হিন্দু, বিদেশীদের কাছে তিনি আধ্যাত্মিক, জাপানীদের কাছে তিনি জাপানের জাতিয়তাবাদের ভক্ত!

মোদ্দা কথায়, হিন্দু ধর্মের দোষগুলিকে ঢেকে যেভাবে তিনি হিন্দু ধর্মের মার্কেটিং করেছেন, তা এক কথায় অসাধারন।

(৪)
এর পরেও আমি লিখব বিবেকানন্দ কিছু কিছু দিকে সত্যিই অসাধারন ছিলেন। সেটি হচ্ছে তার সাংগঠনিক ক্ষমতা এবং মানুষকে ভাল কাজের জন্যে অনুপ্রেরিত করার ক্ষমতা। মানবিক শক্তিগুলির এবং গুণের বিকাশের জন্যে তিনি জ্ঞানের থেকেও উপলদ্ধির ওপর জোর দিতেন। সফল সংগঠক হতে গেলে মার্কেটিং করার দক্ষতা লাগেই এবং তার কাছে বিশুদ্ধ জ্ঞানের প্রত্যাশা করাটা ঠিক না। মানবসেবায় সফল সার্থক বিবেকানন্দকে মেনে নিতে আমার আপত্তি নেই। আপত্তি আছে "সমাজ বিপ্লবী, স ংস্কারক" বিবেকানন্দকে মেনে নিতে।

আমার মূল আপত্তি অন্ধ বিবেকানন্দ ভজনায়। বিবেকানন্দ সংস্কার মুক্ত, নির্ভীক ভারত চেয়েছিলেন। তার সাধ শতবর্ষে যে ভারত আমরা পাচ্ছি, সেই ভারত কিন্ত আজো অন্ধ কুসংস্কারে নিমজ্জিত। উত্তর প্রদেশে ভোট হচ্ছে জাতের ভিত্তিতে। আজও। বরং পশ্চিম বঙ্গে জাতপাত তুলনামূলক ভাবে অনেক কম-এবং সেই কমার পেছনে বাংলাতে বাম আন্দোলনের ভূমিকা আছে। বিবেকানন্দের প্রচার বা বাণীতে ভারতের জাতিভেদ বা হিন্দু ধর্মের বজ্জাতি যার বিরুদ্ধে বিবেকানন্দ সরব ছিলেন-কিছুই কমে নি। বধূহত্যা অব্যাহত।

তাহলে বিবেকানন্দের ভুলটা কোথায় ছিল? কেন তার জাতিভেদ মুক্ত, সাম্যের আদর্শে দীক্ষিত নীর্ভিক ভারতের আজও জন্ম হল না?

কারনটা এই যে বিবেকানন্দ হিন্দু ধর্মকে আক্রমন করেন নি। বরং লোককে আরো হিন্দু ধর্মে গর্ব অনুভব করতে বলেছেন। তার চিন্তায় হিন্দু ধর্ম ভাল- সমাজ তাকে বাজে বানিয়েছে। এগুলি, যেকোন সমাজ বিজ্ঞানীর কাছে অসম্ভব বালখিল্য চিন্তা। ফুকোর ক্ষমতার তত্ত্ব দিয়ে এই ব্যাপারটা দেখলে দেখা যাবে বিবেকানন্দ " কেন্দ্রীয় শক্তি" হিসাবে সেই হিন্দু ধর্মের কথাই বলছেন। এই ধরনের চিন্তাতে "ধর্মের বিরুদ্ধে" রাজনৈতিক শক্তিগুলি দুর্বল হয়। যেটা মুসলিম দেশগুলিতে আরো বড় সমস্যা। কোরান ভাল, মুসলমানরা খারাপ- এই ধরনের চিন্তা আসলেই কোন ধর্ম বিরোধি রাজনৈতিক শক্তির জন্ম দিতে পারে না। আর ধর্ম বিরোধি রাজনৈতিক শক্তির জন্ম না হলে, কোন দেশের ধর্মীয় সংস্কার সম্ভব না। যেটা ভারতের রাজনীতিতে সব থেকে বড় বাস্তব। এখানের গোবলয়ে মার্ক্সীয় পার্টিগুলিকেও জাত ধর্মের সমীকরণ মানতে হয়।

********************

[১] Why men rule- A theory of male dominance : Stefan Goldberg





Sunday, December 18, 2011

অযৌত্বিকতার সন্ধানে

(১)
আজকাল সোশ্যাল মিডিয়ার বদৌলতে সর্বত্র ইস্যুভিত্তিক, আদর্শভিত্তিক বিতর্ক। ভিন্নমতের উৎসকি-এই প্রশ্নটা যেকোন তর্ককারীকে প্রশ্ন করলে, স্বভাবসিদ্ধ উত্তর আসবে অন্যপক্ষের অজ্ঞতা। মার্ক্সবাদী হলে বলবে শ্রেণী অবস্থান-অর্থাৎ আমরা সমাজের সে ক্লাসে অবস্থান করি- সেই ক্ষুদ্র কোনের দৃষ্টিতে দেখা অভিজ্ঞানই মতপার্থক্যের কারণ। অন্যদিকে ধার্মিকরা প্রত্যেকেই পরিবার এবং সমাজ থেকে যা শিক্ষা এবং নৈতিকতার আচরন পায়, সেই খুঁটি ধরে বাঁচার চেষ্টা করে। আমরা যুক্তিবাদিরা তাদের যুক্তিহীন প্রথানির্ভর আচরনের জন্যে "নিম্নমানের" বা নীচুবুদ্ধির মানুষ বলে মনে করি।

কিন্ত ভিন্নমতের উৎস কি তাই? অন্যপক্ষের অজ্ঞতা? আমরা কি কখনো গভীরে গিয়ে ব্যপারটা নিয়ে ভেবেছি?

(২)
সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত যে কোন সিদ্ধান্তই আমরা নিই না কেন-সেটা ঠিক না বেঠিক আমরা কি করে বুঝবো? একটু গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে, এই ঠিক বা বেঠিক ব্যপারটা পরম কিছু না। সবটাই স্থান-কাল-এবং তার পরেও জীবনের উদ্দেশ্য নির্ভর।

উদাহরণ দিচ্ছি। ধরা যাক -আমাদের একটা উদ্দেশ্য "সৎ থাকা" ।
এখান থেকেই শুরু করি-কারন এই উদ্দেশ্য নিয়ে দ্বিমত থাকা সম্ভব না। এবার ধরা যাক দাঙ্গার সময় অন্য ধর্মের কেও আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। দাঙ্গাকারীরা -যারা আপনার ধর্মের লোক-আপনার বাড়িতে এলে কি আপনি তাদের সত্যি কথা বলবেন? সৎ কথা বলতে গিয়ে তাদের ধরিয়ে দেবেন খুনিদের কাছে? ৯৯% ক্ষেত্রেই, দেখা যাবে, আপনি সততার থেকে "প্রাণ" বাঁচানোর "উদ্দেশ্য" কে ওপরে রেখেছেন।

অর্থাৎ যেকোন সিদ্ধান্তের ক্ষেত্রেই অনেকগুলো উদ্দেশ্যের "সংঘাত" থাকে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ভারতে মাওবাদিদের বা নক্সালদের কার্যকলাপ। "খতম" লাইন ঠিক কি না-তাই নিয়ে ভারতের কমিনিউস্টদের মধ্যেই আছে দীর্ঘ বিতর্ক। এবং তার মূলে গেলে দেখা যাবে-সেই স্থান-কাল পাত্র। অর্থাৎ বিহার, ঝারখন্ড বা ঐ ধরনের আদিবাসিদের গ্রামে লোকেরা যে অত্যাচারের মধ্যে দিয়ে বাঁচে, তাতে হাতে বন্দুক নিয়ে খতম লাইনে যাওয়াটাকে অনেকেই যৌত্বিক বলে মনে করে। অন্য স্থানে এবং কালে অবস্থান করা কোলকাতার সৌখিন বামবাবুরা তাদের যুক্তিকে "ভুল" বলে প্রমাণ করবে কি করে? এরা অধিকাংশ ক্ষেত্রে দেখায় যে মাওবাদিদের হাতে মারা গেছে সেই সর্বহারা শ্রেণীর লোকজন। আর তোলা দিয়ে টিকে আছে ঠিকাদাররা। তাহলে কমিনিউজমের কি হইল?

আসলে স্টালিন থেকে অধুনা "শহিদ" কিশেনজির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে-আদর্শের থেকেও "বেঁচে" থাকার চেষ্টাটাই সিদ্ধান্তকে সব থেকে বেশী প্রভাবিত করে। এই বেঁচে থাকা গোষ্টিগত ভাবে বা ব্যক্তিগত ভাবে হতে পারে। একজন সেনা নিজের প্রাণ দেয়, দেশের লোককে বাঁচাতে। এতে নতুন কিছু নেই। প্রতিটা প্রজাতিই এই ভাবে বাঁচার চেষ্টা করে। ভারতের মাওবাদিদের কমিনিউস্ট ভাবলে ভুল হবে -এদের অধিকাংশই অত্যাচারিত আদিবাসী। হাতে বন্দুক পেয়ে, একটু ভাল ভাবে বাঁচার চেষ্টা করছে।

(৩)
তাহলে জীবনের সব উদ্দেশ্যই কি "জৈবিক" যুক্তিবাদে সিদ্ধ?

আজকাল অনেকেই "চাইল্ডলেস বা চয়েস" থাকছে। এর পেছনে কি কোন বৈজ্ঞানিক যুক্তি আছে? অনেকেই ভাবতে পারেন, পৃথিবীতে এত লোক-এই ট্রেন্ড ও সেই "গোষ্টিগত" ভাবে বাঁচার প্রয়াস। রসদ বাঁচিয়ে। সমস্যা হচ্ছে এই প্রবণতা বেশী ইউরোপের উন্নতদেশগুলিতে-যেখানে জনসংখ্যা দ্রুত হারে কমছে-কিন্ত তাদের লোক দরকার!

তাহলেত চাইল্ডলেস বাই চয়েস রাষ্ট্র বা জৈবিক- কোন যুক্তিবাদেই সিদ্ধ না। তবে চাইল্ড লেস বাই চয়েসের পুরুষ মহিলারা ভুল? তাদের অধিকার নেই নিজের পছন্দের ওপর?

অথবা ধরুন আত্মহত্যার অধিকার। কিছু কিছু দেশ দিয়েছে, অধিকাংশ দেশ দিচ্ছে না। আমারা জীবন শেষ করার অধিকার আমার নেই! এটাই অধিকাংশ রাষ্ট্রের আইন। এর পেছনে যুক্তি এই যে "প্রাণ" এত মহার্হ্য যে প্রাণটা যার, তারো অধিকার নেই সেই প্রাণ নেওয়ার। অর্থাৎ "প্রাণের" মূল্যই অন্তিম " উদ্দেশ্য" হিসাবে ধরা হচ্ছে। মাওবাদিদের খতম লাইনের বিরুদ্ধেও সেই "প্রাণের" দামের যুক্তিটাই সবার আগে আসে।

কিন্ত এটা কি ধরনের যুক্তিবাদ? সব প্রাণই ত মরণশীল-ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী, মরণশীল প্রাণকে আমরা এত মুল্যবান হিসাবে দেখি কেন?

ইতিহাসই বোধ হয় কারন। প্রানকে " ক্ষণস্থায়ী মরণশীল" আলোকে দেখতে গিয়ে স্টালিন-হিটলার যা করেছেন, সেটাই যথেষ্ট বোঝার জন্যে প্রাণ কেন মুল্যবান। কিন্ত তাই যদি হয় তাহলে চাইল্ড লেস বাই চয়েস বা আত্মহত্যার অধিকার কিভাবে সিদ্ধ হয়?

(৪) এই সমস্যাগুলোর মূল এই যে জীবনের আসলেই কোন পরম উদ্দেশ্য নেই। থাকতে পারে না। কারন প্রতিটা জন্মই ক্ষনস্থায়ী। সবকিছুর মৃত্যু অবধারিত। নক্ষত্র, পৃথিবী মানুষ-সবকিছুই একদিন শেষ হবে।

মুশকিল হচ্ছে এইভাবে ভাবতে গেলে, বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। হারিয়ে যায় ভাল কিছু করার ইচ্ছাও। থাকে না নৈতিকতার ভিত্তি।

ফলে দেখা যাবে সব ধর্মীয় দর্শনে নানান রকমের রূপকথা সৃষ্টী করে মানুষকে "আশ্বস্ত" করা হয়েছে, নশ্বর জন্ম ক্ষনস্থায়ি বটে-কিন্ত স্বর্গের জীবন চিরস্থায়ী। বৌদ্ধ ধর্মের পুনঃজন্মবাদও ঠিক একই কারনে। যদি কেও জানে এটাই একমাত্র জীবন এবং পরম উদ্দেশ্য বলে কিছু থাকতে পারে না-কোন ধর্মীয় দর্শনের ভিতই দাঁড়াবে না। নৈতিকতার ভিত ও থাকবে না। ফলে পরজন্ম বা স্বর্গের অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়ে ধর্মগুলো মানুষকে তার জীবনে উদ্দেশ্য নিয়ে আশ্বস্ত করায়। স্বর্গ বা পরজন্ম যতই অযৌত্বিক গাঁজাখুরি হোক না কেন-নৈতিকতা ভিত্তিক সামাজিক বিন্যাসের বিবর্তনে এদের গুরুত্ব আছে। কারন জীবনে উদ্দেশ্য না থাকলে নৈতিকতার কোন দর্শনই টেকে না। আর জীবনের পরম উদ্দেশ্যের যেহেতু কোন যুক্তিবাদি বা বৈজ্ঞানিক ভিত্তি নেই-সেহেতু জীবনের সব উদ্দেশ্যই আপাত, ক্ষণস্থায়ী এবং কিছুটা অযৌত্বিকও বটে। সামাজিক বিবর্তনে ধর্মের আগমন মূলত এই পথেই। কারন পশুকুলে "জীবনের উদ্দেশ্য" জৈবিক-তাদের এত ভাবতে হয় না। কিন্ত মানব সমাজের প্রতিষ্ঠাতে শুধু জৈবিক উদ্দেশ্য যথেষ্ট ছিল না। ফলে ঈশ্বর, স্বর্গ, অনন্ত জীবনের ধারনাগুলি "নির্বাচিত" হয়-কারন তা নীতিভিত্তিক সমাজের ভিত্তিপ্রস্তর ছিল এক সময়।

১০০% যৌত্বিক জীবন বলে তাই কিছু সম্ভব না। আমদের প্রত্যেকেরই জীবনের উদ্দেশ্য আছে যার কিছুটা জৈবিক [ জিনের সূত্রে পাওয়া] কিছুটা সামাজিক ( যা ধর্ম , পরিবার বা সামাজিক আইন থেকে এসেছে) এবং বেশ কিছুটা নিজেদের স্বতন্ত্র চিন্তা। আবার আমাদের জীবনকালের মধ্যেই এই উদ্দেশ্যের বিবর্তন হয়। যৌবনে যে কমিনিউস্ট গেরিলা হওয়ার স্বপ্ন দেখে, পৌঢ়কালে সে মহানন্দে বণিক হিসাবে অর্থ সংগ্রহে ব্যস্থ। জীবনে ধাক্কা পেয়ে আস্তিক থেকে নাস্তিক, নাস্তিক থেকে আস্তিক হয় লোকে। সবার মনেই কিছু দ্বন্দ থাকে। যার মনে যত বেশী চিন্তার দ্বন্দ থাকবে, সে তত দ্রুত বেশী আরো গভীর উপলদ্ধি্র জগতে প্রবেশ করতে সমর্থ হবে। কারন মনে দ্বন্দ না থাকলে নতুন চিন্তার সংশ্লেষ অসম্ভব।

এই সমস্যাটি ও নতুন কিছু না ভারতীয় দর্শনে। অদ্বৈতবাদিরা "মায়ার" ধারনা - জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য-অথবা এই বর্তমান জগত আসলেই "আপাত সত্য" -এই ধারনা বহুদিন থেকেই বহন করত। সমস্যা হচ্ছে, ভারতের ইতিহাসের ওপর মায়াবাদের প্রভাব ঋণাত্মক। নিউটন, কোপার্নিকাসদের জন্ম নালন্দাতে না হয়ে, হয়েছে ইউরোপে। কারন, সব দর্শনের এবং ধারনার ধাত্রীভূমি হচ্ছে মানুষ। সুতরাং মানুষের বস্তুবাদি "সারভাইভালের" উন্নতি না করে,কোন দর্শন বা ধারনাই টিকতে পারে না। সুতরাং আমরা চাই বা না চাই- একটা "অযৌত্বিক" বিশ্বাস নিয়ে আমাদের চলতেই হবে। আর সেটা হচ্ছে সবার ওপর মানুষ সত্য। এর কষ্টিপাথরেই বিচার করতে হবে সমস্ত ধর্ম, আদর্শ এবং দর্শনকে।

Thursday, November 3, 2011

গ্রীসের সংকট -সমাজমুখী অর্থনীতির অবসান?

(১)
ছমাস আগের ঘটনা। মেরিল লিঞ্চের এক উচ্চপদস্ত কর্তার বক্তব্য শুনতে এসেছিলাম ক্যাপিটাল আই আই টির একটা পার্টিতে। বিষয় সরকারি বন্ডে ইনভেস্টমেন্ট। কেন করবেন?
উনি বার বার করে বোঝাছিলেন কেন মিউনিসিপ্যাল বন্ডে ইনভেস্ট করা উচিত। আমি একবার থাকতে না পেরে বল্লাম-সেটা কি করে ঠিক হবে? ক্যালিফোর্নিয়াতে অনেক মিউনিসিপালিটি দেওলিয়া ঘোষনা করেছে! আর আপনি বলছেন সেখানে ইনভেস্ট করতে?
ভদ্রলোক বললেন, তেমন আর হবে না। প্রতিটা মিউনিসিপালিটি তাদের খরচ সংস্কার করছে, আয় বুঝে ব্যায় করবে।
আমি বললাম, আপনাদের কথা তারা মানবে কেন?
উনি বললেন, না মেনে ওদের উপায় কি? না মানলে ওরা মিউনিসিপালিটি চালাতেই পারবে না। স্কুল, হাসপাতাল সব বন্ধ হবে।
গ্রীসকে নিয়ে গত দুমাসে যে নাটক হল এবং আজকে যেভাবে প্যাপান্দ্রিও লেজগুটিয়ে রেফা্রএন্ডামের বদলে, লোন প্যাকেজ মেনে নিতে বাধ্য হলেন, তাতে বুঝলাম, মেরিল লিঞ্চের ওই ভদ্রলোক ঠিকই বলেছিলেন।
(২)
যেদিন প্যাপান্ডিও রেফারেন্ডামের ঘোষনা করলেন, সেদিন স্যোশাল মিডিয়াতে তথা কথিত কিছু বামপন্থী লাফাচ্ছিল এবার ধনতন্ত্রের কবল থেকে বেড়িয়ে গ্রীসের লোকেরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে। আমি অবশ্য জানতাম সেটা হবে না-আসলে প্যাপান্ডিও ক্ষমতায় এসেছিলেন এই সব বামেদের লেজ নাড়িয়ে। তারপর দেখেছেন, গ্রীসের হাঁড়ির হাল এত খারাপ, ধার না করলে, সেনা বাহিনীর বেতন পর্যন্ত হবে না। আন্দোলন করে, চলছে না চলবে না বলে ত আর কর্মীদের মাইনে দেওয়া যাবে না। যাইহোক, শেষে চাপ খেয়ে, তাকেও ব্যায় সংকোচ, অর্থাৎ সামাজিক খাতের নানান ব্যায় হ্রাস করতেই হচ্ছে। সমস্যা হচ্ছে ইনি আবার ক্ষমতায় এসেছিলেন, ব্যায় সংকোচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে। ফলে নিজেদের দলের চাপে একটু সমাজতান্ত্রিক বীরত্ব দেখাতে গিয়েছিলেন রেফারেন্ডামের মাধ্যমে। কিন্ত বিধি বাম। তাতে গ্রীসের ঘরে ঘরে চুল্লী বন্ধ হত। সারকোজি সহ ইউরোপিয়ান নেতারা গ্রীসকে খরচের খাতায় ফেলে দিতেই, প্যাপান্ডি আবার ১৮০ ডিগ্রী ঘুরে, সব বাতিল করে, ডিল মেনে নিলেন। কারন উনি যে পথে চলছিলেন, তাদের গ্রীসের ধ্বংশ ছিল অনিবার্য্য-সেনা বিদ্রোহের ও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তার থেকে খরচ কাট ভাল।
(৩)
হিসাবটা খুব সহজ। পৃথিবীতে কোন সমাজতান্ত্রিক রাজনৈতিক সিস্টেম টেকে নি- টিকতে পারবেও না। কারন এরা যে সিস্টেমটা চাচ্ছে, তাতে উৎপাদন ব্যবস্থার নিম্নগামী হতে বাধ্য। ইউরোপে একটা লোককে কাজে নেওয়া এবং কাজ না পারলে, ছাড়ানো বেশ কঠিন কাজ। তারপরে এত বেশী বেকার ভাতা, পেনসন স্কীম চালু আছে -একজন লোক কাজ করলেও যা পায়, কাজ না করলেও তাই পাবে। কাজ করলে, তার ৫০-৬০% উপায় ট্যাক্সে যায় তাদের খাওয়াতে যারা কাজ করে না। এমন অবাস্তব সিস্টেম বেশীদিন চলতে পারে না। কিন্ত চলছিল ধার নিয়ে। গ্রীচের জিডীপি ২২০ বিলিয়ান ডলার-আর ধার ৩৩০ বিলিয়ান ডলারের কাছাকাছি। এখন যেই আর কেও ধার দেবে না, এই সিস্টেমের কঙ্কালটা ইটালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স সবার মধ্যে থেকে বেড়িয়ে আসছে। বৃটিশরা ২০০৮ সালেই ব্যায় সংকোচ করেছে এবং এখনো করে যাচ্ছে। নইলে বৃটেন সবার আগে টসকাতো।
(৪)
সমস্যা হচ্ছে পৃথিবীটা হয় অতিবাম বা অতিডানে ঘুরছে। যার কোনটাই এই সব সমস্যার সমা্ধান না। পাবলিক হেলথ, শিক্ষা-এসবের দ্বায়িত্ব সরকারকে নিতেই হবে। হ্যা-টাকাটা যাতে ঠিক ঠাক খরচ হয়, তার জন্যে কমিনিউনিটি বা পাবলিক প্রাইভেট ভেঞ্ছার করা যেতে পারে। কিন্ত পেনশন, বৃদ্ধদের সম্পূর্ন চিকিৎসার খরচ একটা জাতিকে পঙ্গু করতে বাধ্য। শিশুদের চিকিৎসা বা শিক্ষার যেখানে টাকা নেই, সেখানে বৃদ্ধদের পেছনে বেশী খরচ করা একটি জাতির জন্যে আত্মহত্যা। আমেরিকাতে একজন বৃদ্ধর পেছনে সরকারের খরচ, একজন শিশুর পেছনের খরচের প্রায় ১৪ গুন। ইউরো্পেও প্রায় তাই। আর বৃদ্ধদের ভাল রাখতে গিয়ে, একেকজন শিশুর ওপর চাপছে বিদেশী ঋণের বোঝা। এখন একজন লোক চাকরি করে ৩০ বছর-আর তাকে পেনসন দিতে হবে ৪০ বছর! এই সিস্টে্ম প্রকৃতির নিয়মেই টিকতে পারে না। অবসরের বয়স ৭০ হোক বা সরকার পেনসনের স্থলে ৪০১(ক) এর মতন স্কীম চালু করুক। অবাস্তব মানবিক সিস্টেম ( যা বামেরা বলে) বা চূড়ান্ত বাস্তববাদের নামে বাজারের অত্যাচার কোনটাই আমাদের কাম্য না। সমাধান পেতে গেলে আমাদের বাস্তববাদি হতে হবে।

Thursday, October 20, 2011

গদ্দাফির মৃত্যুঃ স্বৈরাচারের পতন পৃথিবী জুরে আসন্ন


(১)

গদ্দাফির লিবিয়া-হিরক রাজার দেশে

যেদিন লিবিয়াতে গণবিদ্রোহ শুরু হল, 15 ই ফেব্রুয়ারী। সবে টিউনিশিয়া এবং মিশরে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে। প্রায় সেই দিনই লিখতে যাচ্ছিলাম, এবার আরব বসন্ত লিবিয়াতে। সাদ্দাম হুসেনের পর মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকার আরেকটা সব থেকে বড় নর-জানোয়ারের পতন আসন্ন।

তবে পতন এত সহজে আসল না। গদ্দাফি এবং তার পরিবার গত চল্লিশ বছরে লিবিয়ার সম্পদ এবং বাণিজ্য কব্জা করে বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হয়। শুধু তাই না, লিবিয়ার লোকজন বিদ্রোহ করতে পারে এই আশঙ্কাতে তার পরিবার আফ্রিকান, পাকিস্তানী বাংলাদেশীদের নিয়ে এক বিরাট প্রাইভেট আর্মিও পুষত। ফলত ফেব্রুয়ারী মাসে লিবিয়ান সেনা বাহিনী যখন বিদ্রোহীদের ওপর গুলি চালাতে অসম্মত হয়, তখন এই সব ভারাটে সৈন্য দিয়েই নিজের দেশের লোক মেরেছে গদ্দাফি। ফলে গৃহযুদ্ধ ছিল আসন্ন, এবং সেই যুদ্ধে ন্যাটো যখন বিদ্রোহীদের পাশে দাঁড়ায় তখন গদ্দাফির পতন ছিল সময়ের অপেক্ষা। তৈল সমৃদ্ধ একটা দেশ-যাদের জিডিপি বেশ বেশী-কিন্ত সেখানে চিকিৎসা, শিক্ষা, কৃষি প্রায় সব ধ্বংস হয়েছে গদ্দাফি শাসনে।

যদিও অনেকেই সংখ্যাতত্ত্ব দিয়ে দেখাবে উত্তর আফ্রিকাতে শিক্ষা এবং জিডিপিতে লিবিয়া এগিয়ে, কিন্ত এটা ভুললে চলবে না, উত্তর আফ্রিকাতে মাথাপিছু তেলের সম্পদ লিবিয়াতেই সব থেকে বেশী। সুতরাং তেলের টাকার সদ্বাব্যবহার করলে, লিবিয়ার অবস্থা হওয়া উচিত ইউরোপের দেশগুলির সমগোত্র।

গদ্দাফি বিরোধিতা ছিল আইনত নিশিদ্ধ এবং মৃত্যুদন্ড ছিল তার সাজা!

হ্যা লিবিয়া ছিল সেই হিরক রাজার দেশ-যেখানে ইংরেজি এবং ফ্রেঞ্চ পড়ানো হত না সরকারি স্কুলে। বিদেশীদের সাথে কথা বলার জন্যে প্রশাসনের অনুমতি লাগত। সরকারি টিভি এবং নিউজপেপার ছারা অন্য কিছুর অনুমতি ছিল না লিবিয়াতে।
তবে গদ্দাফি একটা ছোট্ট ভুল করেছিলেন। স্যোশাল মিডিয়ার যুগে মেইন স্ট্রিমে সেন্সর করে কিছু হয় না। ফেসবুক, টুইটারের মাধ্যমে লিবিয়ানরা অনেকদিন থেকেই সংঘবদ্ধ হচ্ছিলেন।

গদ্দাফির হাতে অনেক সময় ছিল তৈল সম্পদ ব্যবহার করে লিবিয়ার ২০% বেকারত্বকে কমানো। চিকিৎসা, শিক্ষা কৃষির উন্নতি করা।

কিছুটা বুঝেছিলেন গদ্দাফি-উন্নয়নের কিছু কাজ শুরু করেছিলেন। বন্ধুবর সাদ্দাম হুসেনের মৃত্যুর পর, ওর মাথায় ঢুকেছিল, আমেরিকা আর বৃটেনকে হাতে রাখতেই পারলেই, মারে কে! ফলে আমেরিকাকে প্রায় আড়াই বিলিয়ান ডলারের ঘুঁষ আর বৃটেনকে দেড় বিলিয়ান ডলার খাইয়ে, আমেরিকা এবং বৃটেনকে হাত করে ফেলেছিলেন গদ্দাফি। আমেরিকা তার ওপর থেকে সন্ত্রাসবাদি তকমা তুলে নিয়েছিল। বৃটেন ও তাই। চিরকাল আমেরিকা বিরোধিতা করার পরে, যখন দেখলেন আর উপায় নেই, ঠিক টাকা দিয়ে ওয়াশিংটনের সাথে মাখো মাখো একটা সম্পর্ক তৈরী করে ফেলেছিলেন গদ্দাফি।

কিন্ত বিধি বাম! আরব বসন্তের জোয়ারে আমেরিকাও বাধ্য হল তার বিরুদ্ধে যেতে। বিশেষত প্যান এম বম্বিং এ যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবার ওবামা প্রশাসনের ওপর নিরন্তর চাপ রেখেছিল গদ্দাফিকে হটানোর জন্যে। নইলে গদ্দাফি বাম হাতে আমেরিকাকে আরো পাঁচ বিলিয়ান ডলার দিতে রাজি ছিলেন ন্যাটোকে তুলে নেওয়ার জন্যে!

(২)
বিশ্বের সফলতম এবং বৃহত্তম গিরগিটীর জীবনী

গদ্দাফি চরিত্র নিয়ে লিখতে বসলে দস্তভয়েস্কিও হাত তুলে দিতেন। আমি অনেকদিন ধরেই ওর জীবনী পড়ছিলাম। সত্যিই এই চরিত্র বিশ্বইতিহাসে ইউনিক।

এই লোকটা একাধারে চূড়ান্ত রকমের ইসলামিক মৌলবাদি যে প্রকাশ্যে সর্বত্র বলে বেড়াত ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম এবং খ্রীষ্ঠান ধর্ম "ডাইল্যুটেড" -অন্যদিকে যখন ইসলামি মৌলবাদিরা আশির দশকে
তাকে হত্যার চেষ্টা শুরু করে-তখন থেকে পালটি খেয়ে এই লোকটাই হয়ে গেল ইসলামিক সন্ত্রাসবাদ বিরোধি। তার আগে পর্যন্ত সে নিজে ছিল ইসলামিক সন্ত্রাসবাদের সব থেকে বড় টাকা জোগানদার!

আমেরিকার গুপ্তচর সংস্থা সিয়ার সাথে তার সম্পর্ক অদ্ভুত। সিয়া এত সাহায্য আর কারুর কাছ থেকে পায় নি! তাই আজ যখন কিছু কিছু বাম বাঙালী তাকে আমেরিকান সম্রাজ্যবাদ বিরোধি এক চরিত্র বলে হিরো বানানোর চেষ্টা করছে-তাদের দুটো তথ্য জানা উচিতঃ

এক -১৯৮০ থেকে প্যান এম বোম্বিং- সিয়া আফ্রিকা এবং ইউরোপের প্রচুর রাষ্ট্রনেতা এবং জার্নালিস্টদের হত্যা করেছে গদ্দাফির ঘাতক বাহিনী কাজে লাগিয়ে। গদ্দাফির অন্যতম বড় সমর্থক ছিল আমেরিকা। দীর্ঘদিন।
কেন গদ্দাফি-আমেরিকার সম্পর্ক ভেঙে শত্রুতা শুরু হল-সেটা লম্বা কাহিনী।

দুই-১৯৮৪ সালে তাকে খুন করার জন্যে বৃটিশ ইন্টালিজেন্সের ছক ও ভেস্তে দেয় সিয়া! কারন? কারন লিবিয়ার টাকা খাটত অনেক কমিনিউস্ট "বিপ্লবী" পার্টিতে। ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া-অনেক জায়গাতে কমিনিউস্ট আন্দোলনে টাকা ঢালতেন গদ্দাফি। মজার ব্যাপার হচ্ছে এগুলো গদ্দাফি করত সিয়ার নির্দেশে। কারন ওইসব পার্টিগুলিতে লিবিয়ান ইন্টালিজেন্সির মাথাগুলি ঢুকে যেত। আর খবর পাচার হয়ে যেত সিয়ার কাছে।

যাইহোক, রঙ বদলাতে এমন ওস্তাদ সার্কাসের খেলোয়ার বিশ্বে আর আসে নি।
গদ্দাফি শুরু করছিল প্যান আরব স্যোশালিজম প্রতিষ্ঠার জন্যে। সে খেলা জমলো না-আরব নেশন তৈরী হল না। তখন সে শুরু করল, প্যান আফ্রিকান জাতিয়তাবাদ। সেখানে অবশ্য গদ্দাফির কিছু সাফল্য আছে।

আরো মজার ব্যাপার হল, চাদ আক্রমন করে লিবিয়া যখন খুব একটা সুবিধা করতে পারল না-রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে গদ্দাফি তাদের ত্রাতা হিসাবে আবির্ভুত হয়েছিলেন। তাদের জন্য ঘরবারি বানানো থেকে অনেক কিছুই দিতে চেয়েছিলেন যাতে তার প্যান আফ্রিকান নেতার ইমেজে চোট না লাগে।

১৯৭০-১৯৮০, এক নাগাড়ে তিনি টাকা দিয়েছেন বিশ্বের অনেক মুসলিম সন্ত্রাসবাদি সংস্থাকে। আবার যখন নিজের দেশের ইসলামিক মৌলবাদিরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে, হঠাৎ করে পাশ্চাত্যের কাছে নিজের ইমেজ বানালেন ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

মোদ্দা কথা রং বদল করার ব্যপারে গদ্দাফি ছিলেন অদ্বিতীয়। ফলে যে আমেরিকা তার প্রাসাদ বম্বিং করেছিল এবং লিবিয়ার ওপর নিশেধাজ্ঞা আনে-শেষে বিরাট টাকার বিনিময়ে, তাদের সাথেই ঘনিষ্ট হবার চেষ্টা করেছেন। আবার একদম শেষের দিকে যখন তার মনে হয়েছে গণতন্ত্রকে বেশীদিন টুটি চিপে রাখা যাবে না-তখন ২০০৯ সালে তিনি ঘোষণা দেন কিছু কিছু মন্ত্রীর জন্যে নির্বাচন হবে! যদিও তা কোনদিনই হয় নি।
মোটামুটি হাওয়া মোরগ ছিলেন গদ্দাফি-ঠিক ঠাক সময়ে রং বদলাতে তার জুরি মেলা ভার।

গদ্দাফি এবং তার পরিবারের নিষ্ঠুরতা বা লালসা নিয়ে শব্দ খরচ করে লাভ নেই। তবে গিরগিটির শেষ রং টা নিয়ে না লিখে পারছি না।

গদ্দাফির দেশে অবৈধ সঙ্গমের শাস্তি হচ্ছে শরিয়া আইন অনুযায়ী ৫ বছরের জেল আর বেত্রাঘাত। আর এই গদ্দাফিই বিদেশে ভ্রুমন কালে বিদেশীনী সাংবাদিকদের সাথে শোয়ার ব্যপারটা রুটিন করে ফেলেছিলেন। তার ফর্মুলা ছিল সিম্পল-যদি আমার ইন্টারভিউ চাও, আমার সাথে শুতে হবে! শরিয়া আইন অবশ্যই তার জন্যে চলবে না। কারন এই সব সাংবাদিকদের সাথে শোয়ার ব্যপারটা তার কাছে এক সময় এমন প্রেস্টিজের ব্যপার হয়ে দাঁড়ায়, বিদেশ সফর শেষে ফিরে এসে উনি গুনতেন এবার কজন হল এবং সেটা নিয়ে তার তাবুতে টোস্টিং ও হত!

যাইহোক হুগো শ্যাভেজ এবং ফিদেল কাস্ত্রো ছিলেন গদ্দাফির সমর্থক! কারন গদ্দাফি আমেরিকার বিরুদ্ধে এক সময় সন্ত্রাসের চেষ্টা করেছে। বেশ এক দশক আমেরিকা বিরোধিতা চালিয়েছিলেন গদ্দাফি এবং সাদ্দাম হুসেনের উৎখাতে পর বুঝেছিলেন আমেরিকা বিরোধিতা মানে নিজের কবর খোঁজা। সেই মত টাকা ঢেলে পালটিও খেয়েছেন ঠিক সময়ে। গুগো শ্যাভেজ বা ফিদেলের পিঠ চাপড়ানোতে পিঠ বাঁচবেনা-এটা বুঝতেন গদ্দাফি।

অধিকাংশ বাম বাঙালী এবং ইসলামিস্ট ন্যাটোর বিরুদ্ধে গদ্দাফির সমর্থক ছিল। ইসলামিস্টদের ব্যপারটা
বোধগম্য। তবে বামেদের সমর্থনটা আরেকটা বামপন্থী অগভীরতার ফল। গদ্দাফি লোকটা কে, সেটা জানার কোন চেষ্টাই তারা করে নি।


Saturday, October 15, 2011

ইসলাম এবং একটি কচলানো লেবুর গল্প

(১)

আমার এই প্রবন্ধটি মুক্তমনার পাঠক এবং যুক্তিবাদি গুরুভাইদের জন্যে। তাদের জন্যে একদম এক্সক্লুসিভ রচনা।

আজকাল নানান কারনে লেখার সময় প্রায় নেই-শুধু একটু আধটু ব্লগ পড়ি। কিন্ত সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরোচ্ছেদকে কেন্দ্রকরে যেভাবে নানান বাংলাদেশী ব্লগে ইসলাম এবং ইসলাম বিরোধি গোষ্টর বিতর্ক হচ্ছে, তাতে দুটো জিনিস আমাকে ভীষন পীড়া দিল। তাই দুটো কথা লিখছি-

প্রথমত একদল মনে করে এর জন্যে ইসলাম দায়ী। আরেকদল মনে করে, ইসলামের এমন নিষ্টুর আইন বিধান সমাজের জন্যে ভাল।

দ্বিতীয়ত গোটা ঘটনাটা কেও ইতিহাস ধরে , ইতিহাসের প্রগতি থেকে বিচার করলো না। আরবে এক সময় বৃটিশরা ক্ষমতায় ছিল। তারা কেন সেখানে বৃটিশ আইন চালু করল না? কেন মধ্যপ্রাচ্য আদিম যুগে থেকে গেল? এর জন্যে কি শুধু ইসলাম দায়ী? যুক্তিবাদিদের দাবী সেই রকমই।

বিতর্ক লেখালেখি ভাল জিনিস। বিরক্ত হয়েছি অন্য কারনে। বর্তমান বিশ্বে অকুপাই ওয়ালস্ট্রিট, গ্রীস-ইটালিতে সরকার বিরোধি আন্দোলন, অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক জাসমিন বিপ্লব, তীব্র খাদ্য সংকট এবং পরিবেশ বিপর্যয় চলছে। এইসব বর্তমান ঘটনা বিশ্বের ইতিহাসের পরিবর্তন অনুঘটক। মুক্তমনা সমাজে এই নিয়ে খুব বেশী চিন্তা ভাবনা দেখি না। শুধু ইসলাম পেটানোতে লোকের উৎহাস বেশী।

ঢাকা এবং কোলকাতা দুটিই বসবাসের অযোগ্য শহর। এগুলোকে বসবাসযোগ্য করা নিয়ে কোন চিন্তাভাবনা ব্লগে দেখি না। শুধু ব্লগের পর ব্লগ ইসলাম নিয়ে। যতদোষ নন্দঘোষ টাইপের আনক্রিটিক্যাল লেখাতে ভর্ত্তি হচ্ছে মুক্তমনা।

(২)

ইসলাম কি?

ইসলাম প্রেমীদের কাছে তা সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম বিরোধিদের কাছে তা সর্ব নিকৃষ্ট ধর্ম।

তাতে অসুবিধা নেই। কিন্ত একজন যুক্তিবাদি, বিজ্ঞান মনস্ক মানুষের কাছে "ইসলাম" কি তাহলে?

বিজ্ঞানে ধর্মের অস্তিত্ব নেই। সমাজ বিজ্ঞানে ধর্ম একটি বিবর্তিত সাংস্কৃতিক মিম। সেলফ অর্গানাইজেশন বা সমাজ/রাষ্ট্র গড়ার জন্যে কিছু নির্বাচিত মিম। সমাজ এবং রাষ্ট্রের জন্মের জন্যে এককালে ইহাদের দরকার ছিল। আজকে উন্নত যোগাযোগ এবং বাজারের যুগে তা অর্থহীন। কারন গোটা বিশ্বই একটি ক্ষুদ্র গ্রামে পরিণত হতে চলেছে। আজকে মানুষ সমাজ বদ্ধ হচ্ছে স্যোশাল মিডিয়ার মাধ্যমে-বাজারের মাধ্যমে। রাষ্ট্রর ধারণাটাই উঠে যেতে চলেছে। এবং আস্তে আস্তে রাষ্ট্রের সীমানা দুর্বল হচ্ছে বাজারের চাপে। ত্রিশ বছর আগেও ইসলাম নিয়ে মাতামাতি ছিল না। কারন আরবের তেলের পয়সা ছিল না। সবটাই একটা বাজারের প্রোডাক্ট। টাকা এল, মাদ্রাসা খুললো-কিছু গরীবের সংস্থান হল। তাহলে ইসলামে পেট চালাতে পারে-এমন ধারনা পেল সবাই। ফলে মধ্যযুগীয় আরবিক ধারনাও ফিরে এল। তেল শেষ হলে আরবের খাওয়ানোর ক্ষমতা চলে গেলে, এসব উৎপাত ও যাবে। যদি কোন হিন্দু গরীবকে খাওয়াতে পারে, তাহলে সেই সর্বহারা হিন্দুয়ানীতে বিশ্বাস করবে, ইসলাম খাওয়ালে সে ইসলামের ভক্ত হবে। কালকে যদি ২৫ লাখ বাংলাদেশী ভারতে আইন মেনে ভাল কাজ পায়, তারাও ভারতীয় সিস্টেমের দিকেই ঝুঁকবে। সুতরাং যেসব বাংলাদেশীরা আরবের টাকায় সংসার প্রতিপালন করে, তাদের আরবের প্রতি দুর্বলতা থাকা স্বাভাবিক।

ইসলামের বর্তমান উৎপাত খুব সাময়িক একটা এবারেশন। যা কিছু উন্নত উৎপাদন দিতে ব্যার্থ-তা দীর্ঘদিন চলতে পারে না। যা করলে পেট চলে, বেঁচে থাকা যায়, মানুষ সেটাকেই ধর্ম হিসাবে নেয়। কলকাতার ঝি লোকাল ট্রেন গুলোতে দেখা যাবে দরিদ্র কবলিত অঞ্চলগুলি থেকে কপালে বিশাল সিন্দুর লাগিয়ে ঝিয়েরা বাবু-বিবিদের বাড়িতে কাজ করতে আসে। এদের অনেকেই মুসলমান-কিন্ত কাজের জন্যে হিন্দু সেজে এসে কাজ করে। দীর্ঘদিন কাজ করার পরে হিন্দুয়ানী রপ্ত ও করে ফেলে।

আমি কিছুক্ষণ আগেই একটা মুদির দোকান থেকে ফিরলাম। দুই পাকিস্তানি মহিলা এর মালিক এবং ভাল চালাচ্ছে। এরা যখন শুরু করেছিল, দোকানের দুদিকে মক্কা মদিনার ছবি, কোরানের আয়াত ইত্যাদি ছিল। কিন্ত কাস্টমাররা ত সব শিখ আর হিন্দু। টাকাও এদের পকেটেই বেশী। আর তার ওপর পাশেই একটা ভারতী মুদির দোকান। দুবছরে এই দুই মহিলা দোকানের ডেকরেশন সব বদলে দিয়েছে। আগে ঢুকলে বোঝা যেত এটা মুসলমানীদের দোকান-এখন সেসব চিহ্ন নেই। মালকিন কারা না জানলে, ঢুকলে মনে হবে এটা আরেকটা ভারতীয়র দোকান। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা না- আমি এমন অনেক কেস দেখেছি।

ভারতে আমার বাড়ীর সামনে নদী পেরোলেই মুসলমান গ্রাম। সেখানে আগে ইসলামের গন্ধ ছিল না। সবাই হিন্দু শহরে এসে জীবিকা নির্বাহ করত। ১৯৯০ সাল থেকে আরবের টাকায় সেখানে মসজিদ, মাদ্রাসা হয়ে, তারা আর ভারতে থাকে না, নিজেদের বেশী আরবীয় বলেই মনে করে। যেদিন আরবের টাকাতে আর এসব চলবে না-সেদিন আবার আগের জায়গাতেই ফিরে যাবে।

সবর্ত্র আমি এটাই দেখছি, ধর্ম পেট চালানোর ক্ষমতা না দিলে, সেই ধর্ম এমনিতেই লোপ পায়। গুটিকয় শিক্ষিতলোকের ধর্মবিলাস দিয়ে ধর্ম নির্নীত হয় না। বাঙালী মুসলমানরা কি ধরনের মুসলমান? ১৮৮০ সালের আগে বাংলা ভাষাতে লেখা কোন কোরানই ছিল না। গিরীশ ভাই নামে এক হিন্দু প্রথম ফার্সী থেকে কোরানের বঙ্গানুবাদ করেন। এর কারন কি? আসলে অসংখ্য বাঙালী মুসলমানদের কাছে ইসলাম ছিল এক সহজিয়া ধর্ম- হিন্দু জাতিভেদ থেকে বাঁচার উপায়। কিন্ত আরবের সংস্কৃতিকে অত জড়িয়ে ধরার প্রয়োজন তাদের হয় নি। কারন সেই সংস্কৃতি থেকে তাদের বাঁচার উপাদান কিছুই ছিল না।

তাই আমরা দেখি ১৬০০ খ্রীষ্ঠাব্দ থেকে মুসলমান বাঙালী কবিরা হিন্দু উপাখ্যান নিয়েই সাহিত্য রচনা করেছে-কোরানের বঙ্গানুবাদ করে তারা সময় নষ্ট করে নি। কোরান হদিস তাদের র‍্যাডারেই ছিল না। হয়ত বিংশ শতাব্দির আগে অধিকাংশ বাঙালী মুসলমান জানতই না কোরান বলে এক গ্রন্থের কথা। কারন তারা ছিল নিরক্ষর এবং বাংলা ভাষাতে কোরান তখনো কেও লেখে নি। তাদের কাছে ইসলাম ছিল এক সাম্যের ধর্ম-যেখানে জাতের কারনে তাদের সমাজে ছোট হয়ে থাকতে হত না। অর্থাৎ ইসলাম ছিল তাদের বাঁচার গুরুত্বপূর্ণ উপাদান। এবং সেই বাঙালী ইসলামের সাথে কোরানের কোন সম্পর্ক ছিল না। থাকলে ১৬০০ সালের আগেই যখন আরাকানে বাঙালী মুসলমানরা কাব্য রচনা করছেন-তখনই বাংলাতে কোরান লেখা হত।

আমার বক্তব্য এটাই বিজ্ঞানে ধর্ম বলে কোন কিছু নেই। সমাজ বিজ্ঞানে যা আছে তা হচ্ছে "বেঁচে থাকার জন্যে সাংস্কৃতিক উপাদান" যা বিবর্তনের পথে নির্বাচিত ।

ইসলাম বা যেকোন ধর্মকে ধর্ম বলে মানা এবং দেখা হচ্ছে সব থেকে বড় অবৈজ্ঞানিক যুক্তি। সুতরাং একজন ধর্ম বিরোধি যখন ইসলামকে একটি ধর্ম হিসাবে দেখে এবং ধর্ম হিসাবে তার বিরোধিতা করে-তার যুক্তিও একজন ধার্মিকের সমান অবৈজ্ঞানিক।

(৩)

প্রতিটা মানুষের পরিধি সীমিত। মুক্তমনার অধিকাংশ লেখক বয়সে নবীন। তারা ইসলামিক সমাজের অবিচার, অনাচার এবং অত্যাচার দেখে বড় হয়েছে। এতে তাদের যুক্তিবাদি মন বিদ্রোহী হয়েছে এবং তারা মুক্তমনাতে ইসলাম বিরোধি লেখালেখি করছে। এমন ঘটনা হিন্দু ধর্মে ঘটেছিল ১৮২০-৩০ সালে ডিরোজিওর শিষ্যদের মধ্যে। কিন্ত তাদের যুক্তিবাদি চেতনাতে হিন্দু ধর্ম উঠে যায় নি। বড়জোর বিবর্তিত হয়েছে। এর কারন হিন্দু ধর্মের কিছু কিছু "এলিমেন্ট" এই দেশের মানুষের বেঁচে থাকার জন্যে দরকার ছিল। এই প্রথম এলিমেন্টটার নাম হিন্দু জাতিয়তাবাদ যা বৃটিশ বিরোধি আধুনিক আন্দোলনের প্রথম ধাপ। ইতিহাস খুব ভাল ভাবে পড়লে বোঝা যাবে বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতীদের উত্থানের পেছনে একটা বড় কারন বৃটিশ বিরোধি আন্দোলন, বৃটেনের হাত থেকে স্বাধীন হওয়ার আকাঙ্খা।

তাহলে যুক্তিবাদি আন্দোলন শ্রেষ্ঠতর হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মটা ডিরোজিওর শিষ্যদের হাত থেকে টিকে গেল কি করে?

এখানেও প্রথমে উঠে আসবে বেঁচে থাকার টেকনিক। মানুষ সমাজবদ্ধ ভাবে বেঁচে থাকে। ধর্ম সেই সামাজিক আইনগুলো - পিতা মাতার প্রতি কর্তব্য, সন্তানের প্রতি দ্বায়িত্ব, সমাজের প্রতি দ্বায়িত্ব-এই যুথবদ্ধতা শেখায়। যা গুরুত্বপূর্ন সাপোর্ট সিস্টেম তৈরী করে। বেঁচে থাকার জন্যে এগুলি দরকার। ধর্ম বিরোধি ঋণাত্মক আন্দোলনে এগুলি গুরুত্ব না দিলে, ধর্ম বিরোধিতা ফালতু। এই কারনে রিচার্ড ডকিন্স ফোরামে নাস্তিকদের মধ্যে পেরেন্টিং, স্যোশালাইজেশন ইত্যাদি বিষয়গুলির ওপর বেশী জোর দেওয়া হয়-এই সাপোর্ট সিস্টেম না তৈরী হলে ধর্মকে তোলা অসম্ভব।

এমন নয় যে এই সাপোর্ট সিস্টেম বা সামাজিক আইনগুলির জন্যে ধর্ম অপরিহার্য্য। মোটেও তা না। ধর্ম নিরেপেক্ষ আইনের ভিত্তিভূমি বৃটেনের ইউলিটেরিয়ান আন্দোলন। যা এই ধরনের যুথবদ্ধতার আইনগুলির ভিত্তিভূমি রচনা করেছিল। যদিও অনেকেই মনে করেন, তা খ্রীষ্ঠান ধর্মের সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া। তেমনই ইসলামের সংস্কার আন্দোলন থেকে ইউলেটেরিয়ান ধরনের ধর্ম নিরেপেক্ষ আইনের জন্ম হতে পারে উন্নততর সমাজের জন্যে। সবটাই সেই উন্নততর উৎপাদনের প্রয়োজনে বিবর্তিত হয়।

(৪)

তাহলে উন্নততর উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের জন্যে ইসলাম বদলাচ্ছে না কেন? খ্রীষ্ঠানরা বদলেছে, হিন্দুরা ধর্ম থেকে আস্তে আস্তে সরে আসছে-মুসলমানরা বদলাচ্ছে না কেন?

আসলে মধ্যপ্র্যাচ্যের তেল ইসলামি বিশ্বের আধুনিক অগ্রগতির দারুণ ক্ষতি করেছে। যদ্দিন মধ্য প্রাচ্যে তেলের আবিস্কার হয় নি তদ্দিন মিশর, ইরান, ইরাকে সর্বত্র আধুনিক বাম ভাবধারার রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল ১৯৪০ সাল থেকেই যা উপনিবেশ বিরোধি আন্দোলন থেকে উদ্ভুত। কিন্ত মধ্য প্রাচ্যে তেলের আবিস্কারের সাথে সাথে মুসলিম বিশ্বের তিনটি ক্ষতি হয় যা মুসলিমদেরকে আজও মধ্যযুগে আবদ্ধ করে রেখেছে-

এক- বৃটেন এবং আমেরিকা এই সব প্রগতিশীল আন্দোলনগুলিকে ছুড়ি মারে-কারন এগুলি ছিল জাতিয়তাবাদি আন্দোলন যা তৈলখনিগুলির জাতিয়তকরন চেয়েছিল। এতে বৃটিশ এবং আমেরিকার তেলের কোম্পানীগুলি নিজেদের ব্যবসা হারাবার আকাঙ্খায় এই প্রগতিশীল আন্দোলন ধ্বংস করে,সেখানে বশংবদ ডিক্টেটরিয়াল শাসন ব্যবস্থা গড়ে তোলে।

দুই- এইসব প্রগতিশীল আন্দোলনের উৎস ছিল দুটি-পেটের ক্ষিদে এবং উপনিবেশ থেকে মুক্তির আকাঙ্খা। ইসলাম দিয়ে পেটের ক্ষিদে মিটবে না-এটা ১৯৩০-১৯৬০ অব্দি এই সব আন্দোলনের নেতারা বুঝেছিলেন। তারা বুঝেছিলেন, চাই আধুনিক রাষ্ট্র। হোসেন মুবারক থেকে বার্থ পার্টি-সব এই চিন্তাধারার ফসল। কিন্ত তেলের ডলার আসতেই আসল সহজ জীবন-খাবার বিলাস ব্যসন সব সস্তায় এবং সুলভে পেয়ে গেলে-লোকে জীবনের উদ্দেশ্য নিয়ে বেশী ভাবার সময় পায়। ফলে ধর্ম আবার চেপে বসল এদের ঘারে।

তিন- এর ফলে মধ্যপ্রাচ্যে জন সংখ্যাও বাড়তে থাকে গুনিতক প্রগতিতে। ফলত সেই সমৃদ্ধি তারা ধরে রাখতে পারে নি। ইরান এবং মিশরে -বিশেষত উত্তর আফ্রিকাতে খাবারের তীব্র সংকট শুরু হয়েছে। সেই সংকট থেকে, আজকের জাসমিন বিপ্লব ছিল আসন্ন।

মোদ্দা কথা লোকজনকে খাওয়াতে না পারলে কোন ধর্ম, কোন রাজনৈতিক সিস্টেম টেকে না। তেলের টাকায় ইসলামিক বিশ্ব তাদের জনগণকে খাওয়াচ্ছিল-এখন আস্তে আস্তে তা আর সম্ভব হচ্ছে না। যা ফলশ্রুতি স্বরূপ সেই সিস্টেমের বিরুদ্ধে বিপ্লব হচ্ছে। এবং নিজেদের বাঁচাতেই তাদের শ্রেষ্ঠতর সিস্টেম বেছে নিতে হবে।

পেটের আগুনই তাদের ঠিক পথের সন্ধান দেবে।

(৫)

আমার শুধু একটাই অনুরোধ -ইসলাম নামে এই কচলানো লেবুর চর্চা মুক্তমনাতে কমালে ভাল হয়। পরিবেশ, নগর ব্যাবস্থা, দুর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, শ্রমিক শোষন-ইত্যাদি বিষয়গুলি ইসলামের থেকে অনেক বেশী জ্বলন্ত। এই বিষয় গুলি নিয়ে বেশী চর্চা হৌক।

নইলে মুক্তমনা ব্লগটি কচলানো লেবুতে পরিণত হবে।

সেই চিন্তাধারাই টেকে, যে চিন্তাধারা উন্নততর উৎপাদনের জন্ম দিতে সক্ষম। এটিই বিবর্তন বিধাতার আইন।

Sunday, September 11, 2011

কমিনিউস্ট চিন্তাধারার বৃত্তীয় ভুল



(১)

ফেসবুক বা স্যোশাল নেটওয়ার্কের রাজনৈতিক চর্চাকারীদের মধ্যে বাম বা ডান মনোভাবা সম্পন্ন লোকেদের একবল্গা লজিকের সাথে আমরা কমবেশী সবাই পরিচিত। পার্টিভক্ত অন্ধ, ধর্মান্ধ, তাত্বিক অন্ধ ইত্যাদি ভক্তিভাবের প্রকাশ শুধু বাঙালী না পৃথিবীর সব দেশে, সব সমাজেই দৃশ্যমান। ধর্মে অন্ধ হয়ে বিবর্তনকে অস্বীকার করা বা পার্টিতে অন্ধ হয়ে স্টালিন বা কমিনিউজমের নৃশংস ইতিহাসকে বুর্জোয়া মিডিয়ার ছল বলা, মূলত একই মানসিক ব্যধির দুই পিঠ।

কিছুদিন আগে ব্রেভিককে নিয়ে লিখতে গিয়ে,আমাকে অনেকের কাছেই ব্যখ্যা করতে হয়েছে কেন দক্ষিনপন্থী হিন্দুত্ববাদি বা ইসলামিস্টদের সাথে "বামপন্থী" কমিনিউস্টদের একসারিতে রেখেছি। এদের অনেকেই বামঘেঁসা বা কমিনিউস্ট প্রীতির আঁতুরঘরের গন্ধমাখা লোকজন। এদের বক্তব্য কমিনিউস্টরা যদি খারাপ কিছু করেও থাকে তা মেহনতি মানুষের জন্যেই করেছে। সেখানে ধর্ম শোষক শ্রেনীর সহায়ক ছারা অন্য কিছুত না!

সমস্যা হচ্ছে, যারা সিপিএমের এই ৩৫ বছরের দুস্বপ্নের দিনগুলি পশ্চিম বঙ্গে কাটিয়েছেন, তারা নিশ্চিতভাবেই মানবেন পার্টি এই রাজ্যে শোষক শ্রেনীর শত্রু না, বন্ধুই ছিল। অন্যথা, কিছু সম্ভব ছিল না। হয় ও নি। এটা ত সাম্প্রতিক বাস্তব।

ইতিহাসে তাকালে দেখা যাবে, ধর্ম মাত্রেই প্রতিবাদি আন্দোলন হিসাবে ইতিহাস থেকে উঠে এসেছে। স্যোশাল জাস্টিস এবং ইনজাস্টিস সব কিছুই হিন্দু এবং ইসলাম ধর্মগ্রন্থগুলির উপপাদ্য। আমেরিকার রিপাবলিকান বা টি পার্টি ছারা আর কোন সামাজিক আন্দোলন বা আদর্শবাদ আমার জানা নেই যা গরীব দরদি না। বস্তত ধর্ম গ্রন্থগুলির মধ্যে ধর্মীয় সমাজতন্ত্রের বা ভাববাদি সমাজতন্ত্রের ছোঁয়া সব সময় ছিল-এবং তার পরেও তারা শাসক শ্রেনীয় সহায়ক হিসাবেই আবির্ভূত। মার্ক্স কথিত বস্তুবাদি সমাজতন্ত্রেও তার ব্যতিক্রম হয় নি-লেনিনিজম সব থেকে কুখ্যত শাসক এবং অত্যাচারীদেরই জন্মদাত্রী। এবং একটু ভাবলে দেখা যাবে, ক্ষমতার কেন্দ্রীকরনের জন্যে এমনটা হওয়ারই কথা।
এই নিয়েও আগেই বিস্তারিত লিখেছি-কিভাবে একটি বাম আন্দোলন আস্তে আস্তে দক্ষিন পন্থী আন্দোলনে ইউ টার্ন নিয়ে থাকে ( যা ধর্ম, লেনিনবাদ , মাওবাদ সবার জন্যেই প্রযোজ্য )।

(২)

আমি এই প্রবন্ধ লিখছি সম্পূর্ন অন্য কারনে। বহুদিন থেকেই দেখছিলাম, কমিনিউস্টরা কমিনিউস্ট ইতিহাসের সব নির্মম দিক নিয়ে গর্ব করে। সাঁইবাড়ির খুনী থেকে স্টালিনের খুন গুলিকে এরা শ্রেণীযুদ্ধে " প্রয়োজনীয়" মনে করে। এবং এটাই পার্টি লাইন।

সমস্যার শুরু এখান থেকেই। কারন এদের মতবাদ বা কমিনিউজমের শাস্বত মতবাদ হচ্ছে কমিনিউজমই আসল
মানবতাবাদ। মার্ক্স ব্যাপারটাকে এভাবে লিখেছিলেনঃ

“... communism, as fully developed naturalism, equals humanism, and as fully developed humanism equals naturalism; it is the genuine resolution of the conflict between man and nature and between man and man – the true resolution of the strife between existence and essence, between objectification and self-confirmation, between freedom and necessity, between the individual and the species. Communism is the riddle of history solved, and it knows itself to be this solution”..

কমিনিউজমের উৎস সন্ধানে, বা মানুষ কেন কমিনিউস্ট হতে চায়, তার মূলে ঢুকতে গেলে, এই বাক্যটির গুরুত্ব অপরিসীম।

কারন যারা কমিনিউজমের বিশ্বাস করে, তারা মনে করে কমিনিউজমই হচ্ছে একমাত্র রাজনৈতিক আদর্শবাদ যা মানুষের সাথে মানুষের, মানুষের সাথে প্রকৃতির, অস্তিত্বের সাথে প্রয়োজনীয়তার, স্বাধীনতার সাথে প্রয়োজনীয়তার, ব্যাক্তির সাথে প্রজাতির দ্বন্দের অবসান ঘটাতে সক্ষম। এবং কমিনিউজম হচ্ছে সেই প্রাকৃতিক দর্শন ( যা প্রকৃতি বিজ্ঞানকে অনুসরণ করে আসে)।

কমিনিউস্টরা ধর্মীয় বা ব্যক্তি স্বতন্ত্রের ওপর ভিত্তি করে যে মানবতার সংজ্ঞা তাতে "বিশ্বাস" করে না। মানুষ তাদের কাছে সমাজের অঙ্গ প্রত্যঙ্গ। লুইস আলথুজার নামে একজন ফ্রেঞ্চ স্ট্রাকচারালিস্ট ( যিনি একজন অন্ধ স্টালিন ভক্ত ছিলেন), বুর্জোয়া দের দেওয়া মানবতার সংজ্ঞাকে ( অর্থাৎ সবার ওপর মানুষ সত্য ) মানবিক বিভ্রম বলে আখ্যায়িত করেছেন!

“humanism” means the illusion that individual human beings are autonomous, thinking subjects, whereas for structuralists (and poststructuralists), individual human beings are nothing but unconscious agents of structural forces, in much the same way as organisms are agents for the spread of a disease. Thus structuralists associate humanism with a naive and unproblematic conceptions of language and consciousness, and illusory belief in the autonomy of human beings.

অর্থাৎ হে কমিনিউস্ট বৃন্দ- বর্তমান সমাজের মানবিকতার ব্যখাতে ভুলিও না-কমিনিউজমের সেই সোনার ম্যাজিক বলই আসল মানবিকতা! সাঁইবাড়ির প্রনব সাঁই বা ষষ্টি দুলেদের কুপিয়ে কাটা সেই মহান মানবিক সমাজের প্রতিষ্ঠার জন্যেই দরকার!

(৩)

আলথুজারকে নিয়ে চিন্তা নেই-ভদ্রলোক বিজ্ঞানের দর্শন বিশেষ কিছু বুঝতেন না। যা লিখেছেন, তা বিজ্ঞান এবং প্রাকৃতিক দার্শনিকদের চোখে বালখিল্যই হবে। এই প্রবন্ধ লেখা এই কারনে, যে মার্ক্সের ওই মারাত্মক দাবি-কমিনিউজম হচ্ছে সকল বিভেদের সমাধান, সেটা কতটা বালখিল্যতা বা হাস্যকর তা বিচার করা।

প্রথমেই বিশ্লেষণ করা দরকার বিভেদ কেন?

মার্ক্সত, ইয়ে মানে হেভিওয়েট দার্শনিক। তার একবাক্যের ওজন চোদ্দমন। সাধারন মাথাতে ঢোকাতে গেলে কিলোতে ঢোকানোই ভাল। উনার দাবীগুলিকে ১, ২, ৩...এইভাবে ভাংলে গোঁজামিল, বা যুক্তির বৃত্তীয় ভুল খুব সহজে ধরা যাবে,

উনার প্রথম দাবী-কমিনিউজম একধরনের ন্যাচারালাজিজম বা প্রাকৃতিক দর্শন। যেসব দর্শন ভাবে প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে যাবতীয় প্রশ্নের মিমাংসা করা যায়, তাদের বলে প্রাকৃতিক দর্শন। প্রথম দাবীটিই ভুল। কমিনিউজম বিজ্ঞানের দর্শনের প্রথম ধাপ-ফলসিফিকেশন উপপাদ্যটিই মানে না। ফলসিফিকেশনের সাদামাটা মানে আ) সব তত্ত্বই ভুল হতে পারে ক) তাই সব তত্ত্বের বাতিলযোগ্যতার পরীক্ষা দরকার। মার্ক্সীয় বিপ্লবের তত্ত্ব সর্বত্রই ভুল প্রমাণিত-তবুও কমিনিউস্টদের চোখে তা বাতিলযোগ্য না! এটি বহুচর্চিত -স্যার কার্ল পপার এবং মার্ক্সীয় অপবিজ্ঞান নিয়ে আগে অনেক লিখেছি।

এরপরে যদি ধরেও নিই, কমিনিউজম বিজ্ঞানভব (!), তারপরে রাউন্ড টুতে প্রশ্ন আসবে, মানুষে মানুষে বিভেদের কি কোন বৈজ্ঞানিক সূত্র -বা কার্য কারন সূত্র সম্ভব?

খুব সহজ ব্যপার। বাইরে চোখ রাখুন-দেখবেন দুজন পুরুষ মারামারি করে মূলত সম্পদ এবং নারীর অধিকার নিয়ে। "শ্রেণী" যুদ্ধের একমাত্র কারন না-নারী, জাতি, প্রজাতি-আরো অনেক কিছুই বিবাদের কারন হতে পারে। এই জটিল সিস্টেমকে কোন বৈজ্ঞানিক সূত্রে বাঁধা সম্ভব না।

আরেকটা উদাহরন দিচ্ছি। পাওলি দাম নামে এক বাঙালী "মেইনস্ট্রুম" অভিনেত্রী, ছত্রাক নামে এক সিনেমাতে সম্পূর্ন নগ্ন শয্যদৃশ্যে অভিনয় করে বেশ সামাজিক ঝড় তুলেছেন। রক্ষণশীল বনাম প্রগতিশীল বাঙালীরা দ্বিধাভিকক্ত।

কে ঠিক? এর বিচারে কোন বিজ্ঞান বা যুক্তিবাদ চলে না। কারন পাওলি দাম নগ্ন হয়ে ঠিক করেছেন না ভুল করেছেন, তার ফলসিফিকেশন সম্ভব না। কারন এটা ব্যক্তিগত রুচির প্রশ্ন। অর্থাৎ এই বিভেদের মূলে যেতে "একক" কোন বৈজ্ঞানিক সূত্র ব্যর্থ।

আরো উদাহরণ দিচ্ছি। ধরা যাক কমিনিউজম এসেই গেল। কিন্ত তার মানে ত এই নয় রক্তমাংসের মানুষগুলো সব রোবট হয়ে গেল। তখন কমিনিউস্ট সমাজে যদি একজন সুন্দরী মেয়েকে দশজনের ভাল লাগে, তাহলে কি হবে? তাহলে দশজনের মধ্যে গন্ডোগলের সম্ভাবনা নেই? নাকি কমিনিউজমে সাম্যবাদের সূত্র মেনে দশপুরুষই নারীটিকে ভোগ করবে? বা "কমিউন" ম্যারেজ চালু হবে? মানে দশটা পুরুষ দশটা নারীকে বিয়ে করবে! তাতেও কি গন্ডোগল কমবে বলে মনে হয়?

মোদ্দা কথা এমন এক জটিল সামাজিক সিস্টেমের কোন বৈজ্ঞানিক সূত্র হয় না। সেখানে সমাজের কার্যকারন সব বুঝিয়াছি এবং তার বৈজ্ঞানিক সূত্র আবিস্কার করিয়াছি এমন দাবী বেশ বালখিল্যতাই বটে।

এবার আসি রাউন্ড তিনে। মার্ক্স আরো দাবী করছেন, কমিনিউজম মানুষের জীবনের উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে বিভেদ মেটাবে। এটা সত্যই আরো বড় গোলা।

জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নটা যুক্তিবাদ এবং বিজ্ঞানের বাইরে। যদি ধরে নেওয়া যায়, জীবনে উদ্দেশ্য বিজ্ঞান দিয়ে ব্যখ্যা করা যায়, অর্থাৎ জেনেটিক সারভাইভালই আমাদের উদ্দেশ্য, তাহলে বিজ্ঞান কিন্ত মানব সমাজ এবং মানবতার অনেক কিছুই ব্যখ্যা করতে পারবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যদি, দুই সন্তানের মধ্যে একজন পঙ্গু হয়ে জন্মায়, মা কিন্ত পঙ্গু সন্তানকেই বেশী যত্ন করে যদিও এটা জেনেই যে সে প্রজননে অক্ষম। আলট্রুইজম বা উপকারিতা বেঁচে থাকার উপায় বটে কিন্ত অনেক ধরনের আলট্রুইজম বা উপকারীতার কোন বৈজ্ঞানিক ব্যখ্যাই সম্ভব না। এটা ঠিক যে জীবনের উদ্দেশ্যের ৯০% জীববিজ্ঞানদিয়ে ব্যখ্যা করা যায়-কিন্ত যে সন্নাসী হতে চাইছে-তার ব্যখ্যা কি? অনেক দম্পতিই আজকাল চাইল্ডলেস বাই চয়েস থাকছে-তার পেছনেই বা কি যুক্তি?

তাদের জীবনের উদ্দেশ্যকি ভুল যেহেতু তা "ন্যাচারালাজিম" না???

যে ড্রাগ, নারী আসক্ত হয়ে জীবন কাটাচ্ছে সেও কি ভুল?

এই ঠিক বা ভুলের মাপকাঠি কি করে ঠিক করবে? আর ৫০০ মিলিয়ান বছর বাদে সৌর জগত সম্পূর্ন ধ্বংস হবে-আরো সূদূরে এই মহাবিশ্ব সংকুচিত হতে হতে, আবার বিন্দুতেই শেষ হবে। সুতরাং কে কি করল, তাতে মহাবিশ্বের ইতিহাস বদলাচ্ছে না। জীবনটা সাময়িক,সময়ের খুব ক্ষুদ্র স্কেলে করা জ্যাঠামি। কে সন্নাসী হয়ে কাটাল, কে পরকিয়া করে কাটাল-কে বেশ্যাগৃহে কাটাল-তাতে মানুষ এবং মহাবিশ্বের ভবিষ্যত কিছুই বদলাবে না।

সুতরাং ঘুরেফিরে আমরা সেই বৃত্তেই ফিরে আসি-সেখানে মানুষই একমাত্র সত্য। মানুষের হাতে তৈরী ধর্ম বিজ্ঞান কমিনিউজম, ক্যাপিটালিজম কোন তত্ত্বই মানুষের থেকে বড় হতে পারে না। অন্তিম বিচারে এর সবকিছুর ওপরেই মানবতার জয় ঘোষিত হবেই। সুতরাং কোন আদর্শবাদের দোহাই দিয়ে অমানবিক কোন কাজই সমর্থনযোগ্য না-এবং তা সব থেকে বড় অশিক্ষার ও কুশিক্ষার পরিচয়।