Sunday, March 4, 2018

শিক্ষিত মুসলমানদের মৌলবাদ বিরোধি অবস্থানই একমাত্র পারে বিজেপিকে আটকাতে

ত্রিপুরায় বিজেপির বিজয় নিয়ে পশ্চিম বঙ্গের মুসলমানরা হতাশ। কিছুটা শঙ্কায় ও হয়ত যে কোলকাতাও গেরুওয়া হওয়ার অপেক্ষায়।

এই প্রসঙ্গে তৃনমূলের আই টি সেলের শ্রীপর্না একটি মুল্যবান কথা লিখেছেন। যে হিন্দুত্ববাদের উত্থানকে ঠেকানোর ক্ষমতা এবং জীয়নকাঠি একমাত্র শিক্ষিত মুসলমানদের হাতে। তারা তাদের সম্প্রদায়ের মৌলবাদিদের প্রতিহত করার চেষ্টা করেন না বলেই আজকে হিন্দুত্ববাদিদের সমর্থন হিন্দুদের মধ্যে এতটা বেড়েছে।

এর সাথে সাথেই শ্রীপর্নাকে হিন্দুত্ববাদের দালাল বলে গালাগাল দেওয়া করা শুরু করে কিছু তথাকথিত "সেকুলার" মুসলিম যুবক। খুব পরিস্কারভাবেই অবস্থা হতাশাজনক। কারন শিক্ষিত মুসলমানরা ভাবছে হিন্দুত্ববাদ স্বয়ংভূ- তাদের সম্প্রদায়ের মৌলবাদ নেই!

একই অভিজ্ঞতা হল জিম নওয়াজ বলে এক পশ্চিম বঙ্গীয় শিক্ষিত মুসলমানের ওয়ালে। সেখানেও বিজেপির বিজয়ে তারা যাবতীয় সেকুলার পার্টিকে দোষারোপ করছে। আমি সেখানে শ্রীপর্নার কথাটাই লিখলাম-আপনারা নিজেদের ধর্মের উগ্র মৌলবাদিদের না ঠেকাতে পারলে, পশ্চিম বঙ্গের সব হিন্দু হিন্দুত্ববাদি হয়ে যাবে। কোন স্ট্রাটেজি, কোন পার্টিই দীর্ঘদিন ধরে এদের আটকাতে পারবে না। সেখানেও শ্রীপর্নার অভিজ্ঞতা হল। জীম নওয়াজ, তিন বছর আগের বিতর্কের স্ক্রীনশটের সূত্র ধরে আমাকে হিন্দুত্ববাদের দালাল ইসলামোফোব বলে গালাগাল দেওয়া শুরু করল। সে ত মানতেই চাইছে না যে হিন্দুত্ববাদ কংগ্রেসের সিপিএমের ইসলামিক মৌলবাদকে তোষন করার ফসল। অভিন্ন দেওয়ানি আইন, শাহবানু মামলা-যতই রেফারেন্স দিন, শিক্ষিত মুসলমান সমাজ এখনো প্রস্তুত নেই এটা মেনে নিতে, তাদের সমাজের আধুনিক সংস্কার দরকার।

সুতরাং হিন্দুত্ববাদের উত্থান ঠেকাবে কে?

এর মধ্যেই খবর বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞান লেখক, জাফর ইকবাল মৌলবাদিদের হাতে ছুরিকাহত। এর পরেও এরা মানবে না ইসলামিক মৌলবাদ বলে কিছু আছে! তাহলে হিন্দু মুসলমানরা একটা সেকুলার ছাতার তলায় আসবে কি করে? সিপিএম তৃনমূলের সমর্থনকারি মুসলমান সমাজের একটা বড় অংশ ত প্রকৃত সেকুলার না-তারা হিন্দুত্ববাদের উল্টো পিঠ।

ভারতের মুসলমান সমাজ যদি এই ভাবে ডিনাইয়েল, সম্পূর্ন অস্বীকার করতে থাকেন তাদের সম্প্রদায়ের সংস্কার প্রয়োজন নেই, তাদের মৌলবাদি শক্তি দমন করার দায় তাদের নেই, তাদের মধ্যে গজানো বিশাক্ত সাপগুলোকে ধ্বংস করার দায় তাদের নেই- তাহলে বিজেপি উত্থান কে ঠেকাবে?

এর সাথে সাথেই বামপন্থীদের সেই ভাঙা কাঁসর- আগামী দিনে আরো কঠিন লড়াই!!

মৌলবাদটা সমাজে এলার্জির মতন। এলার্জি একটা রিয়াকশন। মুসলিম মৌলবাদ ও সব দেশে বিভিন্ন বিভিন্ন রিয়াকশন। হিন্দু মৌলবাদ খুব পরিস্কার ভাবেই ইসলামি মৌলবাদের বারবাড়ন্তের বিরুদ্ধে রিয়াকশন। ইসলামিক মৌলবাদের জন্য দেশভাগ এবং দাঙ্গা তারা দেখেছে, দেখছে। শঙ্কায় আছে। এটা এখন ঘরে মধ্যে থাকা ন্যারেটিভ না, ভারতের সব থেকে বড় পলিটিক্যাল ন্যারেটিভ। এটাকে আটকানোর ক্ষমতা সিপিম কংগ্রেস তৃনমূলের নেই। এটাকে আটকাতে পারে একমাত্র শিক্ষিত মুসলমানরাই।

বিজেপিকে আটকাতে পারে একমাত্র শিক্ষিত মুসলমানরাই । যদি তারা সৌদি রাজপুত্র মহম্মদ বিন সালমানের মতন ভারতে কোন নেতা পায়, যে মুসলমান সম্প্রদায়কে এক বিংশ শতাব্দির উপযুক্ত হওয়া স্বপ্ন দেখাবে। দেখাবে তারা সংস্কারে ইচ্ছুক। কিন্ত তিন তালাক বিল থেকে সর্বত্রউ উলটো চোখে পড়ছে।

Friday, March 2, 2018

ট্রাম্প এবং মোদির সাপোর্ট বেস- পোস্টমর্ডানিস্ট প্রগতিশীলতার বিরুদ্ধে পুরুষ বিদ্রোহ ?

১৯৭০ সাল থেকেই ফ্রান্সে কমিনিউস্ট বুদ্ধিজীবিরা ব্রাত্য। কারন ততদিনে সোভিয়েত ইউনিয়ানের দানবীয় রূপ সবার সামনে কদর্য্য ভাবে উলঙ্গ। তখন কমিনিউজিমের জয়গান করলে লোকে বলত উন্মাদ-মোদ্দা কথা স্রিরিয়াসলি কেউ নিত না। ফলে সার্তের মতন মার্ক্সবাদি দিকপাল ও সোভিয়েতের নিন্দায় মুখর হন।

তাছাড়া ওই শ্রমিক বিপ্লবের ন্যারেটিভ ও খাচ্ছিল না। কারন পাশ্চাত্যে শ্রমিকরা তখন গাড়ি বাড়ি হাঁকিয়ে মধ্যবিত্ত-কারুর দায় পরে নি আরামের জীবন ছেড়ে গুলাগের দাস শ্রমিক হওয়ার।

কিন্ত বুদ্ধিজীবি হওয়ার জ্বালা এই যে, বুদ্ধি হইতে উদ্ভুত লেখাগুলি মার্কেটে না কাটলে পত্রিকাওয়ালা বা পাবলিশার্সও টাকা দেবে না।

ঠিক এই সময় মার্ক্সবাদি বুদ্ধিজীবিরা দেখলেন বামপন্থার মার্কেট টেকাতে নতুন কিছু আনতে হবে। মানে পুরাতন মদ যাতে নতুন বোতলে ঢোকানো যায়। বামপন্থার মদ হচ্ছে একটাই। সেটা হচ্ছে শ্রমিক-কৃষক শ্রেনীর ওপর অত্যাচার, অবিচার। কিন্ত বাজারে সেটা চলছে না।

কিন্ত বাজারে খাওয়াতে গেলে সেই অত্যাচার, অবিচারের গল্প ছাড়া কাটবে না। "এমপ্যাথি" মানে " পাঠকের সহানুভূতি" না উথলালে লেখা কাটে না। উনারা আবিস্কার করলেন-আচ্ছা, শ্রমিকরা অত্যাচারিত না হয় নাই হল। তাই বলে কি সমাজে অত্যাচার অবিচার নাই? মহিলারা পুরুষদের হাতে, কালোরা সাদাদের হাতে, সংখ্যালঘুরা সংখ্যাগুরুর হাতে অত্যাচারিত হয়েই চলেছে।

অর্থাৎ সহানুভূতির নতুন এঙ্গল আবিস্কার হল।

সেই পরিস্থিতিতে মার্ক্সিস্টদের নতুন বোতলের নাম হল -পোষ্ট মর্ডানিজম। বলা হল দেখ বাপু- যেদিকে তাকাও দেখিবে পাওয়ার স্ট্রাকচারের দৌলতে কেউ না কেউ কারুর ওপর অত্যাচার করেই চলেছে। তাহাই ইজম। বর্তমানে পাশ্চাত্যের বামপন্থা সেই খিচুরি- সব কিছুই সেই এমপ্যাথি ভিত্তিক হোমিওপ্যাথি।

এদ্দিন অব্দি ছিল ধনীরা চুরি ডাকাতি করে বড়লোক। এবার পোষ্টমডার্নিজমের নতুন তত্ত্বে- যার হাতে ক্ষমতা-সে ছলে বলে কৌশলে হাতিয়েছে। মানে কোম্পানীর যে সিইও-তার যোগ্যতা নেই। ডাকাতি করতে পারবে বলে বোর্ড তাকে বসিয়েছে। পুরুষের নারীর ওপর অত্যাচারের কারন ও সেই সামাজিক ক্ষমতায়ান। তা বায়োলজিক্যাল বলে মানতে নারাজ পোস্টমর্ডানিস্টরা।

পোষ্টমর্ডানিজমের দৌলতে সব থেকে বেশী ক্ষতি হয়েছে সক্ষম পুরুষদের যারা ইকনমির পিলার এবং অর্থনৈতিক ক্ষেত্রে সংখ্যাগুরু। আজকে ট্রাম্পের বা মোদির সমর্থক কারা ? যেসব সক্ষম পুরুষ এই পোস্ট মর্ডান ন্যারেটিভের স্টিমরোলারের ( সেটা ভারতে এস সি এস টি দের রিজার্ভেশন, আমেরিকাতে বলে এফার্মেটিভ একশন, কখনো বা ফেমিনিজিম) চাকায় প্রতিদিন পিস্টোচ্ছে।

কর্মক্ষেত্রে আমাকে এঙরি হোয়াইট মেল মানে যাকে বলে রাগী শেতাঙ্গ পুরুষদের সাথেই বেশী সময় কাটাতে হয়েছে। এদের অনেকেই খুব ট্যালেন্টেড-কিন্ত যেহেতু আমেরিকান বিশ্ববিদ্যালয়ে এদের জন্য কোন রিজার্ভেশন নেই -কিন্ত মেয়েদের জন্য আছে, কৃষ্ণাঙ্গদের জন্য আছে -সেহেতু এরা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় নি। আবার চাকরির ক্ষেত্রে একজন হোয়াইট মেলকে ফায়ার করতে কিস্যু ভাবতে হয় না-কিন্ত কোন মহিলা বা কৃষ্ণাঙ্গকে ফায়ার করার আগে কোম্পানীকে অনেক নথি তথ্য তৈরী করতে হয়। ফলে আমেরিকার এই সাদা চামরার পুরুষদের মধ্যে রিজার্ভেশনের বিরুদ্ধে এক বিরাট রাগ। ঠিক যেমনই ভারতে জেনারেল কাস্টের লোকজনের মধ্যে রিজার্ভেশনের বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি। এরাই কিন্ত ট্রাম্প এবং মোদির বেস। আপনি বলতে পারেন না এদের ক্ষোভের কারন নেই।

সত্যি কথা বলতে কি এই পোস্টমর্ডান ন্যারেটিভের চাপে সক্ষম পুরুষদের ঘরে বাইরে করুন সঙ্গীন দশা। ঘরে ফেমিনিজম, কর্মক্ষেত্রে রিজার্ভেশনের ফেবারিজম।

ঘরের মহিলাদের প্রাধান্য সর্বদাই ছিল। কিন্ত সেটা সংসার টেকানোর জন্য। এখন ঘরে ঘরে পুরুষ ত্রিফলা চাপে ফালফাল।

এক - পুরুষ কেন বলিউডের খানদের মতন রোম্যান্টিক না-নাচতে না পারলেও নিদেন পক্ষে কেন মিস্টি মিস্টি প্রেম করতে পারে না? এতেব আমার লাইফটাই ফেইল্ড-কারন র‍্যোমান্স নেই।
দুই- ভুল করলেও বকতে পারবেন না। কারন বাবা-মায়ের আতুপুতু ননীর দুলালী। বকলেই এরা যাবে গলে। তখন মনে হবে কেন বাবা-কি কুক্ষনে বকতে গেছিলাম, ভুল ধরাতে গেছিলাম!

তিন --তাকেও স্বামীর সমান কেরিয়ারের মই বেয়ে উঠতে হবে। এই চিন্তায় অসুবিধা নেই। কিন্ত বাস্তবে সন্তানের জন্মের পরে কেরিয়ারে ব্রেইক হবেই। তখন অধিকাংশ মেয়েই সেটা না মানতে পেরে মানসিক রুগী হয়ে ওঠে।

এব কিছুই ফেমিনিস্ট পোস্টমর্ডান চিন্তার ফসল। পোগতিশীলতার দায়। ভুগছে সক্ষম পুরুষ। নারীও কিন্ত সুখে নেই।

ঘরে এবং বাইরে এই ধরনের চাপ থেকে মুক্তি নেই বলেই মোদি এবং ট্রাম্পের সাপোর্টবেসের বড় অংশই সংখ্যাগুরু পুরুষ।

Thursday, March 1, 2018

সমস্ত ইসলামিক সমাজেই গৃহযুদ্ধ কেন?

মিডলইস্ট পৃথিবীর আর্মপিট! সব গন্ডোগল ওখানে। ইয়েমেন, সিরিয়া,ইরাক- গৃহযুদ্ধের লাশকাটা ঘরে শুয়ে আছে। আমেরিকা এবং রাশিয়া ওখানে অস্ত্র বেচে ভাল লাভ করছে।

কিন্ত সমস্যাটা এখানেই। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে শুধুই কি সামাজ্যবাদি শক্তির দোষ দিলেই পোস্টমর্টেম শেষ? এই প্রশ্ন কেন ওঠে না যেখানেই ইসলামিক দেশ, সেখানেই কেন গৃহযুদ্ধ, মৃত্যু এবং বিভীষিকা? কেন গণতন্ত্র নেই?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানী এবং জাপান মাত্র ১৫ বছরের মধ্যেই আমেরিকান সাহায্য নিয়ে আবার গণতান্ত্রিক শক্তি হয়ে প্রথম বিশ্বে ফিরে আসে। কিন্ত আফগানিস্থানে ওর থেকে বেশী সাহায্য নিয়েও কিস্যু হয় না। ইরাকেও কিস্যু হয় না। কেন? ইসলামিক সমাজ ব্যবস্থার ডি এন এতে দোষটা কোথায়?

পাশ্চাত্য সভ্যতার ভিত্তি কিন্ত খ্রীষ্ঠান ধর্ম না- সেটা হচ্ছে গ্রীক এবং রোমান সভ্যতা। ইনফ্যাক্ট ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতন গাধার ঘাড়ে ছিল মধ্যযুগে যখন ইউরোপিয় সভ্যতা মানে ছিল খ্রীষ্ঠান সভ্যতা। মানে অন্ধকারের যুগ। আজকের উন্নত পাশ্চাত্য সভ্যতার ভিত্তি কিন্ত প্রাচীন ক্ল্যাসিক্যাল গ্রীসের নগরদর্শন,যা বেশ কিছুদিন রোমান সভ্যতাতেও টিকে ছিল।

কিসের জন্য পাশ্চাত্য সভ্যতা, যা গ্রীস এবং রোমান সভ্যতা থেকে উদ্ভু- তা উন্নত জীবনযাত্রার জন্ম দিতে পেরেছে? ইসলামিক বা খ্রীষ্ঠান সভ্যতা, বা কমিউনিজম যা দিতে অক্ষম ? সেই দর্শনের গভীরে যাওয়া দরকার। গ্রীস এবং রোমান সভ্যতার ভিত্তি ছিল স্টয়কিজম ( Stoicism) ,

স্টয়কিজমের অনেক ধারা বর্তমান- যার মোদ্দা কথা সমাজ হবে জ্ঞান এবং বুদ্ধি নির্ভর। ধন সম্পতি, স্বাস্থ্য-সব কিছুই দরকার-কিন্ত সেটাও ওই বেসিক সূত্র মেনে যে ওসব কিছুই দরকার উন্নত বুদ্ধি চিন্তার চর্চায়। স্টয়কিজমের সাথে ইসলাম মার্ক্সবাদি বা খীষ্ঠান চিন্তার পার্থক্য হচ্ছে- স্টয়কিজম কোন গ্রান্ড ন্যারেটিভে বিশ্বাস করে না। যেমন ইসলামের ক্ষেত্রে "গ্রান্ড ন্যারেটিভ" হচ্ছে ইসলামিক জাস্টিস- যা দুনিয়াটাকে বিশ্বাসী অবিশ্বাসীতে ভাঙে। এবং ইসলামিক দেশের রাজনীতি কখনোই জ্ঞান ভিত্তিক বা ফ্যাক্ট ভিত্তিক হতে পারে না- তা্রা ওই ইসলামিক ভাবাদর্শের গ্রান্ড ন্যারেটিভেই পরিচালিত হয়। যা মধ্যযুগীয়। এটা কমিনিউস্টদের জন্যও সত্য। তারা সর্বদাই ফ্যাক্ট এবং জ্ঞান দুটোকেই বিকৃত করে, তাদের গ্রান্ড ন্যারেটিভ- শোষক এবং শোষিত- এই স্কিমাতে ফিট করতে।

ইসলামিক বা কমিনিউস্ট চিন্তার সমস্যা এই যে, তা তাদের ফলোয়ারদের ভাবতে শেখায় তারাই ভিক্টিম- তারা শোষিত অচ্যাচারিত। হয়ত কিছুটা ঠিক-কিন্ত তার অধিকাংশটাই না। বাস্তব হচ্ছে স্টয়িকিজমের লেন্সে ভাবলে "ফ্যাক্ট" হচ্ছে সব জীবনই সংগ্রাম। সেখানে শোষন নিপীড়ন যেমন আছে, তেমনই নিজের উদ্যোগে পরিশ্রমে সেখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তাও আছে। মুশকিল হচ্ছে মানুষ কমিউনিজম বা ইসলামে স্পেলে এসে গেলে, নিজের উন্নতি নিয়ে না ভেবে দল বেঁধে গুন্ডাগর্দি করে রাজনৈতিক ক্ষমতা দখলেই মন দেয় বেশী ( পড়ুন বৈপ্লবিক আন্দোলন, প্রতিবাদি আন্দোলন ইত্যাদি )। কারন ওই " অত্যাচারিত" ন্যারেটিভের বাইরে তারা ভাবতেই পারে না। সম্পদ তৈরী করার চেয়ে গুন্ডাগর্দি করে সম্পদ ছিনিয়ে নেওয়াতেই আগ্রহ বেশী থাকে।

আজ দেশভাগের পেছনেও কিন্ত সেই ইসলামি ন্যারেটিভ। বৃটিশ আমলে বাংলাদেশের মুসলমান প্রজারা অত্যাচারিত ছিল সেই নিয়ে সন্দেহ নেই। ঠিক সেই কারনেই কৃষক প্রজা পার্টির সৃষ্টি- এবং অতি শিঘ্রই তা মুসলীমলীগের তিমির তলপেটে ইসলামিক ন্যারেটিভে গলিয়ে যায়। যার ফল এই যে মুসলিমরা হিন্দুদের হাতে অত্যাচারিত-তার ন্যারেটিভেই পূর্বপাকিস্তানের সৃষ্টি। সুতরাং সব গৃহযুদ্ধের পেছনে ( দেশভাগের পেছনেও) "আমরা অত্যাচারিত" এই ইসলামি ন্যারেটিভের ভূমিকাটাই মুখ্য। সেটা ভুল না ঠিক- সেই বিচারে আমি যাচ্ছি না। কারন স্টয়িকিজমের দৃষ্টিতে অমন ব্ল্যাক এন্ড হোয়াইট সিদ্ধান্ত সম্ভব না।

সিরিয়া ইরাক ইয়েমেন-সবর্ত্রই সেই ন্যারেটিভের খেলা। ওখানে শিয়া সুন্নী। ক্ষমতা দখল করে বসে আছে শিয়া সংখ্যালঘুরা-যার বেশী শিক্ষিত এবং উন্নত। ফলে সংখ্যাগুরু ধর্মান্ধ সুন্নীদের মধ্যে ওই অত্যাচারিত গ্রান্ড ন্যারেটিভ খাওয়ানো খুব সহজ। ফলে আইসিসি এবং গৃহযুদ্ধ। পোয়াবারো আমেরিকা রাশিয়ার অস্ত্র ব্যবসায়।

কোনটা ভাল খারাপ তার মধ্যে যাচ্ছি না। ইতিহাসের শিক্ষা এই যে রাজনীতি যদি জ্ঞান, বুদ্ধি এবং ফ্যক্ট দ্বারা পরিচালিত না হয়ে গ্রান্ড ন্যারেটিভ দ্বারা পরিচালিত হয় ( ইসলাম, কমিনিউজম, হিন্দুত্ব ইত্যাদি) তাহলে ধরে রাখুন গৃহযুদ্ধ আসন্ন। ঘরে আপনার আগুন লাগবেই। কেউ ঠেকাতে পারবে না।

Wednesday, February 21, 2018

আমরি বাংলা ভাষা

ভাষাদিবসে বাংলায় ভাসে ফেসবুক,
ভাষার সতীত্ব সহমরনের ডাকে ছোটে কিছু উজবুক।

ভুল বানান, ভুল ভাষা, ভুল ব্যাকারন, ভুল উচ্চারন
এদের কাছে বাংলা মানে ভাব নয়, ভালোবাসা নয়
শুধুই কবার খসেছে পান থেকে চুন!

হিন্দুত্বের আঁশটে গন্ধ যাদের কাছে চন্দন সুবাস,
তারা বলে বাংলাদেশের ম্লেচ্ছরা ছেঁড়ে বাংলা ভাষার অন্তর্বাস!
আরবী যেন অয়ে অজগঢ়, আসছে ধেয়ে
হিন্দুয়ানী সংস্কৃত শব্দ লাশকাটা ঘরে শুয়ে!

ঈশ্বরচন্দ্র, নবীনচন্দ্র, বঙ্গিমচন্দ্রের ব্রাহ্মন বাংলা আজ ফসিল
হিন্দি আরবী ইংরেজি তালগোলে সে ভাষা আজ ত্রিশকোটির দিল!

আসুক বাংলিশ, বলুক ভোজপুরী, চলুক আরবী
জমুক আড্ডা ক্যাম্পাস লিঙ্গোয়
গালাগালিটা তবুও দিস বাংলায় ভাই
প্রেমের ভাষা বাংলায় কি যথেষ্ট রস কষ নাই?

এভাষাও শেষ হবে একদিন
একশো, দুশো, তিনশো -
কত বছর জানা নেই
শুধু জানি সব ভাষাই একদিন শুয়ে রবে কবরে।
চিন্তা তরঙ্গ আলফা বিটা গামার মড্যুলেশন ...
ভাব ভালোবাসা সেইদিন শুধুই নিউরোট্রান্সমিশন !

কবির কাব্যিক কচুরীপনা
রাজনীতির রঙ্গ
সঙ্গীতের সঙ্গম
সেদিন সব্বাই ভার্চুয়াল রিয়ালিটি
জাদুঘরে শুয়ে
বাংলা আরবী ফার্সী ইংরেজী শব্দরা
আর দাবী করে না স্পেশাল গ্রাচুইটি!



Saturday, February 10, 2018

নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড !

ডস্টভয়েস্কির "নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড" -খুব সম্ভবত পৃথিবীর প্রথম অস্তিত্ববাদি উপন্যাস।

প্রসঙ্গত অস্তিত্ববাদি দর্শন দুলাইনে বোঝানোর চেষ্টা করি। অস্তিত্ববাদের মূল ভিত্তি- জীবনের পরম উদ্দেশ্য বলে কিছু হতে পারে না ( কারন মৃত্যু অবধারিত, যাইকিছু করনা কেন, এই শরীর, মন, কীর্তি-একদিন না একদিন শেষ হবেই। ) আবার জীবনের উদ্দেশ্য না থাকলে, বাঁচার ইচ্ছাও থাকে না!  সুতরাং এই আমার এই অস্তিত্বটাই আসল! আমি কেন বাঁচছি, কিসের জন্য বাঁচছি, এই নিরন্তর জীবন সংগ্রাম-এসব কিছুই মায়া। সুতরাং যদি এটা আমরা জেনেই করি যে যা কিছু করছি, যেসব সাফল্যের জন্য এত লাফাচ্ছি-তার সব কিছুই মায়া, তাহলে, বেশ লিল্যাক্সড করেই জীবনকে উপভোগ করা যায়।  সেক্ষেত্রে নৈতিকতার প্রশ্নে জীবনকে না বেঁধে ( এই যে এটা করা ঠিক, এটা বেঠিক-এসব ল্যাঠার মধ্যে না গিয়ে ), অনেকটা স্বাধীন ভাবেই জীবনের গুটিগুলো সাজানো সম্ভব।

 ফরাসী দার্শনিক আলবার্ট কামুস- ডস্টভয়েস্কির প্রায় এক শতক বাদে অস্তিত্ববাদি দর্শনের আরেকটি ধারা শুরু করেন-যেটাকে এখন আমরা এবসার্ডিজিম বলে জানি।  অর্থাৎ বেঁচে থাকার চেষ্টাটাই এবসার্ড-কারন সারা জীবন  ধরে একটা মানুষ বেঁচে থাকার পরম উদ্দেশ্য খুঁজছে-কিন্ত পাচ্ছে না।

 ধার্মিক লোকেদের কথা আলাদা। গোটা ধর্মটাতত্বই আসলে অস্তিত্ববাদের একটা শাখা।  ধর্মগুরুরা মানুষের এই এবসার্ডিজমকে এক্সপ্লয়েট করে।  ধর্মগুরু/ প্রফেটরা জানে প্রতিটা মানুষ জীবনের উদ্দেশ্য খুঁজছে-কিন্ত পাবে না- কারন সেই এবসার্ডিজম ! এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা দাবী করে, ভগবান তাদের কানে ফিস ফিস করে জীবনের উদ্দেশ্য কি বলে গেছে!  এতেব হে বোকা পাঁঠার দল, সব কিছু ত্যাগ করে আমার স্বরণে এস! মানুষও পিল পিল করে দৌঁড়ায়-কারন মানুষ মাত্রই সবাই এত জীবন সংগ্রামে ব্যস্ত, এবসার্ডিজম বোঝার মতন ক্ষমতা অধিকাংশ মানুষের নেই। ফলে তারা নিজের মধ্যের স্বাধীন সত্ত্বার বিকাশকে ধ্বংশ করে - ধর্মানুরাগী ধর্মভীরু মানুষ হিসাবে "এবসার্ডিজমের" ধারে কাছে যেতে ভয় পায়।

 বৌদ্ধ বা জৈন ধর্মে ঈশ্বর নেই।  জীবনের উদ্দেশ্য সেখানে পুনঃজন্মে।

তবে ইন্টারেস্টিং হলেও এটা ঠিক, উপনিষদে বা বৈদিক দর্শনে এবসার্ডিজম এসেছে "মায়া" র রূপে। বেঁচে থাকার জগত, এই আমরা যে বাস্তবতায় বাস করে আহার মৈথুনে ব্যস্ত -তা যেসবটাই মায়া!  হিন্দু দর্শনে মায়ার বহু ইন্টারপ্রেটেশন বা স্কুল থাকলেও, আদি শঙ্করের ত্রৈত্রীয় উপনিষদ ভাষ্যে "এবসার্ডিজমের" প্রশ্নটি আলবার্ট কামুর বহু শতক আগে, শঙ্করই তুলে ছিলেন তার ভাষ্যে এই রূপে -" নিজেকে জানার বা জীবনের পরম উদ্দেশ্য ( ব্রহ্ম  )  জানার  চেষ্টা করাটা আবসার্ড"। এর পরেই অবশ্য কামুর সাথে শঙ্করের বা ভারতীয় ভাষ্যের বিচ্ছেদ। কারন অই কিছু নাই, বলে ছেড়ে দিলে সাধারনে খাবে না। তাই শঙ্করভাষ্যে এটাও ঢোকে নিজেকে বাস্তবতার, প্রতিদিনের জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা বৃথা , আবসার্ড কারন "আসল" জ্ঞান "মায়ার" কম্বলে ঢাকা!  ভারতীয় দর্শন এখানেই "এনালাইটিক বা র‍্যাশানাল" ডোমেন ছেরে আধ্যাত্মিক ডোমেনে ঢুকেছে ! সেখানে পাশ্চাত্য অস্তিত্ববাদের ক্ষেত্রে ডস্টভয়েস্কি, কিয়ার্ডগার্ড, সাত্রে বা কামু-এরা সবাই " এনালাইটিক" ডোমেনেই থেকেছেন- ভাবের জগতে ডোবেন নি।  ফলে অস্তিত্ববাদি পাশ্চাত্য দার্শনিকরা -যেমন নিৎসে বা সাত্রে বা কামু-সবাই এই অস্তিত্ববাদের সংকটকে কাজে লাগিয়ে মানুষের মন এবং মরালকে মুক্ত করার চেষ্টা করেছেন।

 আমি আবার নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে ফিরে আসি।  এই জন্যেই এত কথা লিখলাম, অনেকেই দর্শন চর্চা সময়ের অপচয় বলে মনে করেন। কারন সেই এবসার্ডিজম! কারন এত ভেবে কি হবে? দিনের শেষে হাতে রইবে সেই পেন্সিল- এবাসার্ডিজম!

ওয়েল-এর একটা বিশাল প্রাক্টিক্যাল দিক আছে। ওই নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে ডস্টভয়েস্কি এই অস্তিত্ববাদের সূত্র ধরেই মানব সম্প্রদায়কে বিরাট সাবধানবানী শুনিয়েছিলেন। উনার সময়টা ইউটোপিয়ান স্যোশালিস্টদের যুগ। উনি লিখছেন এই যে মানুষের জন্য "আদর্শ সমাজের ধারনা" -যেখানে মানুষটা, সিস্টেম, সমাজ, রাজনীতিবিদ, বিচার ব্যবস্থা-সব কিছু পারফেক্ট হতে হবে-এই ধরনের যেসব আদর্শবাদ আস্তে আস্তে তখন সবে রাশিয়াতে ঢুকতে শুরু করেছে- তার ফল হবে মারাত্মক। কারন ডস্টভয়েস্কি লিখেছেন,  ধরুন মানুষ একটা অমন নিঁখুত সমাজ পেল। কিন্ত সে থাকবে কি করে? কারন সে ত সব সময় নিজেকে প্রকাশ করতে চাইছে। যদি এমন সমাজে তাকে ফেল , যেখানে এ টু জেড, তাকে গঁতে বেঁধে কথা বলতে হবে, প্রতিটা কাজ আইন মেনে করতে হবে-তার মানব সত্ত্বাই ত বিকশিত হবে না! ফলে সে বিদ্রোহ করবেই!

 উনি এটা লিখেছিলেন উনবিংশ শতকে (১৮৬৪)।  বিংশ শতকের শুরু থেকেই  নিঁখুত  "ইউটোপিয়ান পলিটিক্যাল সিস্টেম গড়ার লক্ষ্যে"  কমিউনিজিম, ফ্যাসিজম, নাজিজম ইত্যাদির জন্ম হল। এগুলো সবই স্যোশালিস্ট আন্দোলন।  বামপন্থীরা নিজেদের ইতিহাস থেকে হিটলার বা মুসোলিনীকে বাদ দিতে চান-কিন্ত চাইলেই ত হবে না। হিটলার এবং মুসোলিনী দুজনেই স্যোশালিস্ট আন্দোলনের ফসল। হিটলারের পার্টিটার নাম ন্যাশালিস্ট স্যোশালিস্ট ওয়ার্কারস পার্টি। শুধু তাই না মেইন ক্যাম্পে বেশ অসংখ্য স্থলে হিটলার আমেরিকান ক্যাপিটালিজমের সমালোচনা করেছেন-পুঁজির সমালোচনা করেছেন-এবং কিভাবে পুঁজিবাদি সমাজের জন্য শ্রমিক শ্রেনী বেকারত্বের জ্বালায় ভোগে, তার সম্পূর্ন বর্ননা দিয়েছেন। মুসোলিনিও তাই। ১৯২১ সালে মুসোলিনী ছিলেন ইটালিয়ান স্যোশালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য -লেনিনের বলশেভিক পার্টির, লেনিনের প্রশংসা করে ভাষন দিতেন ( পরে অবশ্য মার্ক্স ছেড়ে উনি নিৎসের দর্শনের ওপর ভিত্তি করে বাম আন্দোলন গড়ে তোলেন)।  এগুলো আমাদের বামপন্থী ভাইরা লজ্জায় চেপে যায়।  ইতিহাস সামান্য পড়লেই বুঝবেন হিটলার এবং মুসোলিনী ছিলেন হার্ডকোর বামপন্থী । হ্যা তারা কমিনিউস্টদের হত্যা করেছেন। কিন্ত সেটা ওই বামপন্থী লাইন কার ঠিক, সেই  নিয়ে ঝামেলা। যেমন পশ্চিম বঙ্গে মাও বনাম সিপিএম। তাতে তারা দক্ষিন পন্থী হয়ে যান না।  ক্ষমতায় আসার পরে হিটলার, মুসোলিনী যেমন দক্ষিনপন্থী হয়ে ওঠেন-ঠিক তেমনই লেনিন, স্টালিনও ক্ষমতায় আসার পরে  শ্রমিক এবং প্রজাবিরোধি দক্ষিনপন্থী। কোন পার্থক্য নেই ।

 বিংশ শতাব্দিতে নাজি, ফ্যাসিবাদ এবং কমিউনিজমের স্টিমরোলারে কত মানুষকে খুন করা হয়েছে, কত গণহত্যা হয়েছে সেই প্রসঙ্গ বাদ দিচ্ছি। যেটা আমার কাছে খুব ভয়ংকর লাগে, এই একবিংশ শতাব্দিতেও  আমার আশে পাশের লোকেরাও সেই আদর্শ নিঁখুত হিন্দু রাষ্ট্র, নইলে ইসলামিক রাষ্ট্র, নইলে কমিনিউস্ট রাষ্ট্রের প্রশ্নে বিভোর।  এদের কে পড়াবে দস্তভয়েস্কির নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড? কে বোঝাবে মানুষ চাইছে স্বাধীনতা-তাকে ওই ভাবে আদর্শ কোন সিস্টেমে বাঁধা সম্ভব না!

আরেকটা উদাহরন দিচ্ছি। আজকাল অধিকাংশ বাবা-মা " তার ছেলে মেয়েদের" জন্য আদর্শ নিঁখুত জীবন ভেবে রেখেছেন - ছেলে কোন স্কুলে পড়বে, কত মার্কস পেতে হবে, ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি পড়বে- কত মাইনে পাবে, কি টাইপের চাকরি পাবে, কি টাইপের বৌমা  ঘরে আনবে-একদম জন্ম থেকেই ভেবে রেখেছেন বাবা মায়েরা!   অনেকটা কমিনিউস্টরা যেমন দেশের গরীবদের জন্য, হিন্দুত্ববাদিরা হিন্দুদের জন্য, ইসলামিস্টরা গোটা পৃথিবীর জন্য-ইত্যাদি ইত্যাদি । আজকাল দেখি প্রতিটা বাবা মা, তাদের সন্তানের প্রতিটা মিনিট (ঘণ্টা না) নিয়ন্ত্রন করছেন। প্রতিটা গৃহই আজকের শিশুদের জন্য গুলাগ ( রাশিয়ান লেবার ক্যাম্প যেখানে সকাল থেকে সন্ধ্যা রুটিন মেনে কাজ করতে হত )।  সে ত নিজের সত্ত্বাকে বোঝার সময়ই পাচ্ছে না!  পাবে কি করে? মানুষ নিজের সত্ত্বাকে খুঁজে পায়, যখন যে কবিতা লেখে, নইলে গান বাঁধে বা নাটক করে বা ছবি আঁকে।  আটটা টিউশুনির পরে এসব করার সময় বাচ্চাদের কোথায়? ছবি টবি আঁকলে সেই কম্পিটিশনের জন্য-নিজের জন্য কখন আঁকে?  বাড়ির আইন ভাঙাও বাচ্চাদের দরকার মাঝে সাঝে, নইলে সে চিরকাল অন্যের দাস হয়েই কাটাবে। নিজের অস্তিত্বই বিকশিত হবে না।  এই জন্যেই কৃষ্ণ বাল্যকালে নটঘট নন্দদুলাল। সেই আদিকালেও লোকজন বুঝত বাল্যে শিশুদের বেশী শাসন করতে হয় না-দৌরাত্বেই তাদের বিকাশ ঘটে দ্রুত। আর এখন ত সম্পূর্ন উল্টোরথ।

আর এর ফল?   এই সব ছেলেমেয়েরা বড় হয়ে মুক্তচিন্তার মানুষ হয়ে উঠবে না। তারাও আল্টিমেটলি সেই হিন্দুত্ববাদি, না হলে ইসলামিজম বা কমিনিজম, মহিলা হলে ফেমিনিজম - আর রাজনীতি ভাল না লাগলে রবিশঙ্কর বা রামকৃষ্ণমিশন বা ইস্কন -কোন না কোন বন্ধনে বেঁধে নিজের সত্তাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে আরো মিহিয়ে যাচ্ছে!

করুন অবস্থা হে করুণাময়!















Saturday, February 3, 2018

হিন্দু মুসলমান বিবাহ এবং অনর কিলিং

মুসলমান সাজিয়ার সাথে প্রেম করার জন্য হিন্দু অঙ্কিত সাক্সেনাকে তার প্রেমিকার ভাই এবং বাবা দিল্লীর রাস্তায় সবার সামনে কুপিয়ে খুন করেছে। লোকেরা সেই দৃশ্য মোবাইলে তুলতে ব্যস্ত ছিল-কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে। স্পষ্টতই তিন বছর আগে ফেব্রুয়ারী মাসে ঢাকার বুক ফেয়ারে অভিজিত রায়ের খুনের ঘটনা মনে এল। সেও খুন হয়েছিল প্রকাশ্যেই-কেউ এগিয়ে আসে নি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

হিন্দু-মুসলমান প্রেমের ঘটনায় ফ্যামিলির হাতে খুন, অনার কিলিং ভারত-বাংলাদেশে স্বাভাবিক ঘটনা। প্রতি সপ্তাহেই ঘটে। হিন্দু -মুসলমান যুবক খুন হয়। মাঝে মাঝে মোমবাতি মিছিল হয়। হলে হবে কি? যেখানে ভারতের রাজনীতি, মিডিয়া ব্যস্ত হিন্দু-মুসলমান আলাদা সম্প্রদায় এই দ্বিজাতি তত্ত্বের পুঃনপ্রতিষ্ঠায়, সেখানে সাম্প্রদায়িকতার বিশাক্ত ছোবলে অসংখ্য প্রেমিক প্রেমিকার প্রাণ যাবে-তা আর আশ্চর্য্য কি!
প্রাচীন ভারতের গোষ্ঠি অবশ্য ছিল, কিন্ত "ধর্মীয় পরিচিতির" ভিত্তিতে গোষ্ঠী -এই ধারনা ভারতে এসেছে ইসলামের মাধ্যমে। বৃটিশ আমলে তা পরিপোক্ত ধারনা নেয়। প্রাচীন ভারতে "ধর্ম" মানে মানুষের ব্যক্তিগত উত্তরোনের জায়গা। ধর্মের মাধ্যমে গোষ্ঠি বানানো ব্যপারটা মধ্যপ্রাচ্যের-প্রথমে ইহুদি, পরে খ্রীষ্ঠান এবং ইসলাম ধর্মের রাজনৈতিক অভিলাষের মধ্যে দিয়ে বিজয়ী গোষ্ঠিগুলির রাজনৈতিক এবং সামাজিক নীতি একেশ্বরবাদি ধর্ম হিসাবে প্রতিষ্ঠা পায়। বিজিত জনগণ অবশ্য সেই গোষ্ঠিবাজির ধর্মকে সর্বশক্তিমান ঈশ্বরের সুপ্রীম ইচ্ছা বলেই আফিম সেবনে রত। কিছু কিছু ক্ষেত্রে তা অধিক পাকে কোকেন হিরোয়িন হয়ে সন্ত্রাসবাদির ও জন্ম দেয়।

মেয়ের বিয়ে নিয়ে গোষ্ঠিতে গোষ্ঠিতে সংঘর্ষ ইতিহাস জুরে। প্রাচীন ভারতের রীতিনীতির প্রামান্য যদি মহাভারত হয়, তাহলে কিন্ত পরিস্কার প্রাচীন ভারতে, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার রীতি ছিল না।

মহাভারতে পিতার ইচ্ছার বিরুদ্ধে কন্যাহরণ করে বিয়ের উদাহরন অনেকগুলো- এর মধ্যে বিখ্যাত দুটি অবশ্য কৃষ্ণের রুক্কিনী হরন এবং অর্জুনের সুভদ্রাহরণ। এই দুই ইলোপ এপিসোড মাইক্রোস্কোপের তলায় ফেললে দেখা যাবে, প্রাচীন ভারতে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইচ্ছাকে সর্বদাই গুরুত্ব দেওয়ার রীতি ছিল।

এই দুটি বিখ্যাত ইলোপের ঘটনার সাথে জড়িত দ্বারকা রাজ্য এবং তার দুই রাজকুমার বলরাম এবং বাসুদেভ কৃষ্ণ। দ্বারকা একই সাথে বন্দর এবং নগর রাষ্ট্র। বন্দর নগররাষ্ট্রগুলি পৃথিবীর ইতিহাসে শুধুই মালামালের আমদানী রপ্তানীর জন্য বিখ্যাত ছিল না- সেখানে দেশ বিদেশের বণিকেরদের মধ্যে দর্শন এবং সাংস্কৃতিক আদানপ্রদান ও হত। খুব স্বাভাবিক কারনে দ্বারকাবাসীরা মভাভারতের যুগে "প্রগ্রেসিভ" এক জনগোষ্ঠি।

কৃষ্ণ রুক্ষিনীর কাছ থেকে পত্র পেলেন তার পিতা বিদর্ভরাজ ভিষ্মক , শিশুপালের সাথে তার বিবাহ স্থির করেছেন-কিন্ত রুক্কিনী ভালোবাসেন কৃষ্ণকেই। সুতরাং কৃষ্ণ যেন তাকে উদ্ধার করেন।

রুক্ষিনীকে নিয়ে বিদর্ভ থেকে পালানো সহজ ছিল না। রুক্কিনীর সাথে শিশুপালের সম্মন্ধ নিয়ে বিদর্ভরাজের কাছে এসেছেন স্বয়ং জরাসন্ধ্র । মগধরাজ জরাসন্ধ্র তখন গোটা ভারতের রাজচক্রবর্ত্তী সম্রাট হওয়ার অভিলাসী। ছেদির যুবরাজ শিশুপাল জরাসন্ধ্রের ডানহাত। সেই যুগে অন্য রাজ্যকে, স্বীয় ক্ষমতার ছত্রতলে আনার দুটোর উপায় ছিল- যুদ্ধ অথবা বিবাহ। রাজকন্যারা ছিলেন রাজনীতির বোরে। জরাসন্ধ্র তখন সব থেকে শক্তিশালী সম্রাট এবং তিনি বিদর্ভকে নিজের ক্ষমতার বৃত্তে আনার জন্য শিশুপাল ও রুক্কিনীর বিয়ে ঠিক করলেন। সেই রাজনৈতিক বিয়ে ভেঙে কেউ যদি রুক্কিনীকে হরণ করে, তার ব্যাকলাশ কিহবে, তা সহজেই অনুমেয়। জরাসন্ধ্রের রক্তচক্ষু, দ্বারকার মতন এক ক্ষুদ্র নগররাষ্ট্রের জন্য আপদ ত বটেই!

বলরাম সবই জানতেন। রুক্কিনীর পত্র দেখা মাত্র ঠিক করলেন তিনি বিদর্ভ আক্রমণ করবেন । ঠিক হল কৃষ্ণ রুক্কিনীকে মন্দির থেকে রথে তুলে পালাবেন। বলরাম বিদর্ভের রাজধানী অবরোধ করে রাখবে, যাতে কোন সেনা কৃষ্ণের পেছনে না আসতে পারে।

এই পর্বে বলরামের একটা উক্তি মহাভারতে খুবই উল্লেখযোগ্য- বিদর্ভরাজকে সভ্যতা সেখানো দরকার! অর্থাৎ যেসব গোষ্ঠি তাদের কন্যাকে স্বয়ংবরের সুযোগ দেয় না, তাদের অসভ্য বললেন বলরাম!

কিন্ত এই বলরামই আবার অর্জুনকে খুন করতে উদ্যোত হলেন যখন শুনলেন অর্জুন তার বোন সুভদ্রাকে নিয়ে পালিয়েছে! অর্জুন দ্বারকায় এসেছিলেন সন্নাস্যীর ছদ্মবেশে। বলরাম কৃষ্ণের ছলনা না বুঝে সুভদ্রাকে পাঠিয়েছিলেন সেই তরুন সন্ন্যাসীর পদসেবা করতে। পাশাপাশি চলছিল সুভদ্রার সাথে দুর্যোধনের বিয়ের তোরজোর। কারন দুর্যোধন ছিলেন বলরামের প্রিয়তম শিষ্য। তার সাথে হস্তিনাপুর যুবরাজ। যখন শুনলেন অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়েছে, বলরাম সঙ্গে সঙ্গে ইন্দ্রপ্রস্থে পর্যন্ত ধাওয়া করে অর্জুন বধের হুঙ্কার দিলেন!

কি আশ্চর্য্য এই বলরাম! যিনি ইচ্ছার বিরুদ্ধে কন্যার বিবাহের জন্য বিদর্ভরাজকে অসভ্য বলেছিলেন, তিনিই কিনা নিজের বোনের হরনকারী অর্জুনের বিরুদ্ধে হাতিয়ার তুললেন? যদিও কৃষ্ণ বলরামকে নিরস্ত করেন!

কিন্ত এখনো অব্দি ভারতের হিন্দু মুসলমানদের আচরন সেই বলরাম লেভেলেই। যখন তাদের নিজের ধর্মের ছেলেরা অন্য ধর্ম থেকে কন্যা আনছেন-তখন সেটি সভ্যতা, উচ্চমার্গ। যখন নিজের ধর্মের মেয়েটি অন্য ধর্মে বিয়ে করতে উদ্দ্যত, তাহা লাভ জিহাদ। ত, সেই লাভ জিহাদের রাস্তাত চওড়া করে খুলে দিয়েছেন স্বয়ং বাসুদেভ কৃষ্ণ! অর্জুন যখন জানলেন সুভদ্রা তাকে ভালোবাসেন ( এবং তিনিও সুভদ্রার প্রেমে বিভোর) , কিন্ত তার বিবাহ দুর্যোধনের সাথে- কৃষ্ণের কাছে মার্গ দর্শন চাইলেন পার্থ। কৃষ্ণ বল্লেন এই ক্ষেত্রে ক্ষত্রিয় মার্গ একটিই ! সুভদ্রাকে নিয়ে পালাও! রথ পাঠিয়ে দিচ্ছি!

অদ্ভু! যতই মহাভারত এবং প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে ঘাঁটি-একটা ব্যপার বেশ পরিস্কার এবং স্পষ্ট। প্রাচীন ভারতে যেটুকু ধর্মীয় স্বাধীনতা এবং উদারতা ছিল, বর্তমানে তা নেই। ফলে শুধু ধর্মে ধর্মেই না, অন্য জাতে, অন্য গোষ্ঠিতে বিয়ে করার জন্যও খুন হচ্ছে অসংখ্য তরুন তরুনী।

Saturday, January 27, 2018

আলাউদ্দিন খিলজি, নায়ক না ভিলেন

ভারতের ধারাবাহিক ইতিহাস পাঁচ হাজার বছরের।  খুব স্বাভাবিক ভাবেই ভারতে ভবিষ্যত নিয়ে চিন্তা কম-ওটা আমেরিকা/জার্মানী  এখন চীনে দের হাতে।  অনর্থক  মারামারি ইতিহাসের দখল নিয়ে। বিশেষত যদি তা ভারতের ইসলামিক ইতিহাস হয় তাহলে বহু তর্কে বহু বিতর্কে তা ঘেঁটে ঘ। 

এই অধ্যায়ের নতুন সংযোজন আলাউদ্দিন খিলজী। পদ্মাবৎ সিনেমার ভিলেন চরিত্র। সারাদিন সর্বত্র তর্ক বিতর্ক-সুলতান খিলজী কি খল নায়ক?  নাকি, মোঙ্গল আক্রমন সফল ভাবে প্রতিরোধ করে তিনি নায়ক? এই নিয়ে অনেক লেখাই দেখলাম। সবই সংক্ষিপ্ত নোট। তাই দিয়ে আলাউদ্দিন চরিত্রের নির্মোহ বিশ্লেষন সম্ভব না।

 ভারতে মুসলিম শাসনের ইতিহাসে আলাউদ্দিন খিলজি নিঃসন্দেহে পিভটাল চরিত্র।  কারন তিনিই প্রথম বিন্ধ্যপর্বতের দক্ষিনে ইসলামিক শাসনকে ছড়িয়ে দিতে সক্ষম হোন। তার আগে দিল্লী সুলতানেদের দখলে ছিল ছোট একটা সাম্রাজ্য-যা বাংলার থেকেও ছোট।


 হিন্দু কৃষকদের  ওপর তিনি ৫০% ট্যাক্স চাপান- সেটাই চলে এসেছে বহুদিন পর্যন্ত-বৃটিশ আমল অব্দি।  ধর্মপাল, দেবপাল, হর্ষবর্ধনদের পরে ভারতে দীর্ঘ তিন শতাব্দি তেমন কোন শক্তিশালী সাম্রাজ্য আসে নি। অসংখ্য ছোট ছোট রাজ্যে ভাগ বিভক্ত তখন ভারত। কিন্ত বাণিজ্য কৃষিজ উৎপাদন কমে নি। তন্ত্র মন্ত্র ভ্রান্ত ধর্মের অনাচারে ক্ষত্রিয় শক্তি ক্ষীনমান। সেই পটভূমিতেই উদ্ভব আলাউদ্দিনের। যার মিলিটারী স্ট্রাটেজি এবং ট্যাক্সের স্টিম রোলারের সামনে অসংখ্য সমৃদ্ধ হিন্দু রাজ্য, দরিদ্র দুর্ভীক্ষ পীড়িত রাজ্যে পরিণত হয়।

 আলাউদ্দিনের কাকা এবং শশুর  জালাউদ্দিন খিলজী নৃশংস ছিলেন না। নারী সুরাতেই কাটত তার দিন।  কিন্ত তারা জামাতা  আলাউদ্দিন খিলজীর মতন নৃশংস শাসক ভারত না কখনো দেখেছে এর আগে, না দুঃস্বপ্নেও ভাবতে পারত এমন  নরাধাম শাসক সম্ভব। তবে তার নৃশংস নিষ্ঠুর চরিত্রের উৎস- তাদের উপজাতিক ঐতিহ্য, ইসলাম না। ইতিহাসের নানান দলিল ঘাঁটলে এটাই পরিস্কার আলাউদ্দিনের ছিলেন গর্বিত মামলুক উপজাতির লোক ( যদিও তার জন্ম বাংলার বীরভূমে) -বিশ্বাস করতেন সেই পাহাড়ি ঐতিহ্যে-যেখানে অন্য সর্দারকে যুদ্ধ হারিতে তাদের নারী সন্তান গাভীর দখল নেওয়াটাই গর্বিত ঐতিহ্য।  মনে রাখতে হবে এই মধ্য এশিয়ার ট্রাইবগুলো মোটেও  ওইসব সতী সাবিত্রী নারী, বিয়ের পবিত্র বন্ধনে বিশ্বাস করে না। তাদের কাছে ক্ষমতা যার নারী তার-নারী কোন পুরুষের না, শাসকের।

 আলাউদ্দিন-মিলিটারী জেনারেল ঃ

 আলাউদ্দিন চরিত্র বুঝতে হলে, বুঝতে হবে মিলিটারি জেনারেল হিসাবে তার উচ্চাশাকে। উনি আলেক্সান্ডারের ন্যায় বিজয়ী হতে চেয়েছিলেন-ফলে পদবী নেন  সিকান্দার সানি, দ্বিতীয় আলেক্সান্ডার। কল্পনা করতেন তার লেগাসি হবে আলেক্সান্ডার বা চেঙ্গিস খানের মতন। সেটা করতে গিয়ে তিনি মিলিটারির আমূল সংস্কার করেন।  তার আগে ভারতে বা কোথাও স্থায়ী সেনা বাহিনী ছিল না। তিনিই প্রথম সম্পূর্ন বেতনভোগী সেনা বাহিনী তৈরী করেন ভারতে। আসলে সামন্তরাজা বা ভেসেল স্টেট গুলির উপর তার বিশ্বাস ছিল না। কারন তার শশুর এবং কাকা জালাউদ্দিন খিলজিকে সরাতে, এই সব সামন্ত শক্তিকে ঘুঁশ দিয়েই কাজ হাঁসিল করেন আলাউদ্দিন। ফলে একবার যখন ক্ষমতা সম্পূর্ন হাতে পেলেন, রাজদরবারের সমস্ত মালিকদের ডানা ছাঁটাই করেন।  যারা জালালুদ্দিনের সাথে বিশ্বাসঘাতকতা করে তার দিকে যোগ দিয়েছিল গোপনে, তাদের খুন করেন।  তার উদ্দেশই ছিল ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র যেন তৈরী না হয়! মুশকিল হল, তার স্থায়ী মিলিটারির খরচ চালাতে গিয়ে ৫০% ট্যাক্স ধার্য্য করেছিলেন আলাউদ্দিন। যার ফলে কৃষিকাজই উঠে যাবার উপক্রম হয়। তার আমলে ভারতে অর্থনীতিতে ধ্বস নামে। কৃষি, বাণিজ্য ধ্বংস হয়। সুতরাং তিনি মোঙ্গল আক্রমণ আটকেছেন-এটা কোন গৌরবের কথা না। কারন মোঙ্গলরা ভারতে যা ধ্বংসলীলা চালাত, তার থেকেও বেশী ধ্বংসলীলা তিনি নিজে চালিয়েছেন ভুল অর্থনৈতিক নীতি নিয়ে।

 সাম্প্রদায়িক আলাউদ্দিন?

 এবার আসা যাক সব থেকে বিতর্কিত প্রশ্নে। আলাউদ্দিন কি সাম্প্রদায়িক ছিলেন? হিন্দুদের প্রতি বৈষম্যমুলক আচারন করেছেন?

 এটা অস্বীকার করার যায়গা নেই, গুজরাট, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের অধিকাংশ হিন্দু কৃষক আলাউদ্দিনের আমলে চূড়ান্ত দারিদ্রের সম্মুখীন হয়। উত্তরের মোঙ্গল আক্রমন ঠেকানোর জন্য, জমির ওপরে ৫০% কর ধার্য্য হল। এর সাথে জিজিয়া সহ অন্যান্য বিধর্মী কর ত ছিলই। অনাদায়ের শাস্তি ছিল রাষ্ট্র  কৃষক এবং তার সমস্ত পরিবারকে দাস হিসাবে বিক্রি করে দেবে। ফলে আলাউদ্দিনের শাসনের মাত্র দশ বছরের মধ্যেই তার রাজ্যে অর্ধেকের বেশী দাসে পরিনত হয়। এদের সবাই ছিল হিন্দু কৃষক। এদের গৃহিনীরা মুসলমান মালিক ( রাজকর্মচারী) দের যৌনদাসীতে পরিণত হয় কর দিতে না পারায়। এই সব যৌনদাসীদেরই বলা হত লন্ডি-যা  হিন্দিতে গালি হিসাবে এখনো চালু।

 মনে রাখতে হবে আলাউদ্দিনের নির্দেশ ছিল পরিস্কার। হিন্দুদের এমন দারিদ্রের মধ্যে ফেল যেন তাদের ঘোড়া কেনার পয়সাও না থাকে-যাতে কোন ভাবেই সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করার দুঃসাহস না দেখায় কেউ।

  কিন্ত এটা কি সাম্প্রদায়িক না স্ট্রাটেজিক সিদ্ধান্ত?  আলাউদ্দিন ধর্মপ্রান মুসলমান ছিলেন না। মামলুকরা কেইই ধর্মপ্রান মুসলমান না। প্রচন্ড মদ্যপায়ী ছিল ।  তারা ইসলামের চেয়ে তাদের পাহাড়ি সংস্কৃতিতেই বিশ্বাস করতেন বেশী। আলাউদ্দিন জীবনে দুবার নিজের ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন। এই ব্যপারে তার অনুপ্রেরণা ছিল চেঙ্গিস খান।

 এটা আরো পরিস্কার হবে উত্তর বনাম দক্ষিনের হিন্দু রাজাদের জন্য তার স্ট্রাটেজি ছিল আলাদা।  গুজরাটের ভাগেলা, রাজস্থানের রনথন্মর চিতোর ইত্যাদি রাজ্য নিজে জিতে তছনচ করেছেন, ওই সব রাজ্যের রানী সহ সব মহিলাদের হারেমে ঢুকিয়েছেন। শুধু চিতোর অভিযানেই ৩০ হাজার হিন্দু হত্যা করেন।  কিন্ত দক্ষিন ভারতে দেবগিরি ওরাঙ্গাল কাকাটিয়া হোসালা -ইত্যাদি রাজাদের পরাজিত করে তাদের করদ রাজ্যে পরিণত করেছেন। তাদের সাথে  বন্ধুত্ব স্থাপন করেন।   তাদের ধ্বংশ করেন নি কেন?

 এখানেই আমরা বিচক্ষণ আলাউদ্দিনকে দেখতে পাব।  ১৩০৩ সালের আগস্ট মাসে মোঙ্গলরা তার আমলে চতুর্থবারের মতন  দিল্লী আক্রমণ  করে। এর আগে তিনবার তিনি মোঙ্গলদের মেরে ভাগিয়েছেন। ১৩০৩ সালের আগস্ট মাসে মোঙ্গলরা দিল্লী ধ্বংশ করে। ৫০,০০০ নিরীহ স্ত্রী পুরুষ খুন করে মোঙ্গলরা। যদিও এবারো মোঙ্গলদের মেরে তাড়িয়েছিলেন আলাউদ্দিন-তদ্দিনে দিল্লীর যা ক্ষতি হওয়ার হয়েই গেছে।

 আসলে সেবার ওরাঙ্গাল অভিযানে ছিলেন আলাউদ্দিন। যখন তার কাছে খবর এল মোঙ্গলরা আসছে-উনি সেনা নিয়ে দিল্লীর দিকে আবার এগোলেন। কিন্ত তখন দক্ষিন থেকে দিল্লী আসতে দু-সপ্তাহ সময় লাগত।  দিল্লীতে সেনা নিয়ে পৌঁছানোর আগেই দিল্লী ধ্বংশ করে মোঙ্গলরা। এর থেকেই আলাউদ্দিন বোঝেন দক্ষিনে লুঠ করা যায়, কিন্ত সেখানে সেনা রেখে শাসন করতে গেলে মোঙ্গল আক্রমন ঠেকানো যাবে না। ফলে দক্ষিনের হিন্দু শাসকদের প্রতি বন্ধুত্বের নীতি নেন আলাউদ্দিন, যেখানে উত্তরের হিন্দু শাসকদের মেরে ধরে তাড়িয়েছেন। পুরো রাজবংশকে ধরে ধরে হারেমে ঢুকিয়েছেন।

 এবার আসা যাক হিন্দু রানীদের হারেমে ঢোকানো নিয়ে তার লেজেন্ডারী কেচ্ছা।  প্রথমেই আসবে কমলা দেবীর কথা। কমলা দেবী ছিলেন ভাগেলা রাজা কর্নের সুন্দরী স্ত্রী।  কমলা দেবী আসলে ছিলেন কর্নের মন্ত্রী মাধবের স্ত্রী।    তবে হ্যা, রাজা কর্নও কমলা দেবীকে ছিনিয়ে নেন তার মন্ত্রী মাধবের কাছ থেকে।  মাধব পালিয়ে যান আলাউদ্দিনের কাছে এবং তাকে রাজা কর্নকে আক্রমণ করার জন্য উস্কাতে থাকেন। ১২৯৯ সালে আলাউদ্দিনের সেনাপতি উগা খান কর্নকে পরাস্ত করে কমলা দেবীকে বন্দী করে আলাউদ্দিনের হাতে তুলে দেন।   দেবগিরির রাজা রামচন্দ্র অবশ্য তার কন্যা জাত্যপালিকে আলাউদ্দিনের হাতে তুলে দিতে বাধ্য হোন সন্ধির শর্ত হিসাবে।  মধ্যযুগে এসব চলত- এর মধ্যে হিন্দু মুসলমান খোঁজা হাস্যকর। উদাহরন চান? আমির খশরু, আলাউদ্দিনের জীবনীকার লিখছেন কমলাদেবী আসলেই রাজা কর্নকে ঘৃনা করতেন কারন, রাজা কর্ন তার স্বামীর কাছ থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ফলে কমলাদেবী আলাউদ্দিনের হারেমে থেকে কর্নের ছিন্ন মস্তক দাবী করেছিলেন। কিন্ত কর্ন গোটা ভারতে পালিয়ে বেঁচেছিলেন।

   আলাউদ্দিন অতীব নিষ্ঠুর ছিলেন-কিন্ত সেই যুগে যেখানে সুলতানের বিরুদ্ধে প্রতিদিন অজস্র ষঢ়যন্ত্র বিদ্রোহ হত, নিষ্ঠুরতা ছাড়া কোন শাসকে টেকার কোন চান্স ছিল না। উনি একদিনে ৩০,০০০ মোঙ্গল মেরেছেন, যারা দিল্লীতে নতুন বাসা বেঁধেছিল থাকার জন্য। এরা সবাই ছিল মুসলমান। শুধু মাত্র সন্দেহের বশে এতজনকে খুন করেছিলেন আলাউদ্দিন। নিজেরা কাকা এবং শশুর জালাউদ্দিনকে মুন্ডু কেটে নিজের শালার কাছে পাঠিয়েছিলেন ভয় দেখাতে।  আরেক শালা ছিল মুলতানের শাসক- জালাউদ্দিনকে হত্যার পরে, তার চোখ উপড়ে, নিজের শাশুড়িকাছে তার কাটা মাথা পাঠান। কারন তার এই শাশুড়ি এবং জালাউদ্দিনের বিধবা স্ত্রী খুব জ্বালিয়েছিলেন আলাউদ্দিনকে। যেখানে নিজের শশুর, শালা, শাশুড়িদেরই নৃশংস ভাবে খুন করেছেন আলাউদ্দিন -সেখানে হিন্দু প্রজাদের প্রতি প্রেম দেখাবেন, এতটা ভাবাই পাগলামো।

 আলাউদ্দিন যা কিছু করেছেন, তা ভারতীয় সভ্যতার দৃষ্টিতে নৃশংস, বর্বরতা। কিন্ত আলাউদ্দিনের উৎস,  মধ্য এশিয়ার আদিবাসীদের কাছে আলাউদ্দিনের নৃশংসতাটাই স্বাভাবিক আচরন। মধ্য এশিয়ার এই সব আদিবাসিদের মধ্যে জোর যার মুলুক তার, নারীও তার।  আলাউদ্দিনকে খুঁজতে গেলে সেই মামলুকদের সংস্কৃতিতেই  তাকে খুঁজতে হবে। এর মধ্যে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িকতা নিয়ে আসা আহাম্মকি।

 আজকে ভারতের ইতিহাস নিয়ে হিন্দুত্ববাদি বনাম সেকুলারবাদিদের লড়াই কেন?  কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মুসলমান শাসকদের নৃশংসতার ইতিহাস চেপে দেওয়া হয়েছে। সেটার দরকার ছিল না। কারন সেই নৃশংসতার পেছনে ছিল তাদের মধ্য এশিয়ার সংস্কৃতি, রাজনীতি। ইসলামের ভূমিকা সেখানে নগন্য । ফলে আজকে সেই ভ্যাকুয়ামের দখল নিচ্ছে হিন্দুত্ববাদি রাজনীতিবিদরা। এই জন্যে ইতিহাসে স্পেডকে স্পেড বলাই ভাল।